বন্দরের ১৫ কর্মচারীকে নতুন করে বদলি

এনসিটি নিয়ে আন্দোলন

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনাল (এনসিটি) নিয়ে আন্দোলনরত ১৫ কর্মচারীকে নতুন করে খুলনার মোংলা বন্দর এবং পটুয়াখালীর পায়রা বন্দরে বদলি করা হয়েছে। গতকাল সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ বদলির কথা জানানো হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে দাপ্তরিক প্রয়োজনে বদলিপূর্বক সংযুক্তি প্রদান করার কথা জানানো হয়। এর মধ্যে ৮ জনকে পায়রা বন্দরে এবং ৭ জনকে মোংলা বন্দরে বদলি করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের আদেশে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও জাতীয়তাবাদী বন্দর শ্রমিক দলের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবিরকে মোংলা বন্দরে বদলি করা হয়েছে। আরেক সমন্বয়ক মোহাম্মদ ইব্রাহিম খোকনকে বদলি করা হয়েছে পায়রা বন্দরে। এই দুজনকে গত শনিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ঢাকার পানগাঁও আইসিটিতে বদলি করেছিল। অন্যদের মধ্যে ফরিদুর রহমান, মো. শফিউদ্দিন, জহিরুল ইসলাম, লিয়াকত আলী, হুমায়ুন কবির, মো. রাব্বানি ও রাশিদুল ইসলামকে পায়রা বন্দরে এবং আবদুল্লাহ আল মামুন, খন্দকার মাসুদুজ্জামান, শাকিল রায়হান, মানিক মিজি, আমিনুর রসুল বুলবুল ও শামসু মিয়াকে মোংলা বন্দরে বদলি করা হয়েছে।

এর আগে তিনটি পৃথক আদেশে এই কর্মচারীদের ঢাকার কমলাপুর কন্টেনার ডিপো ও কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালে বদলি করেছিল বন্দর কর্তৃপক্ষ। তবে তারা বদলিকৃত কর্মস্থলে যোগ না দিয়ে চট্টগ্রামে এনসিটি ইজারাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিচ্ছিলেন। গতকাল তাদের আবার বদলি করে দুই বন্দরে সংযুক্তি প্রদান করা হয়।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে এনসিটি ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করে আসছেন শ্রমিককর্মচারীরা। আন্দোলনের তৃতীয় দিন গতকাল সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত বন্দর কার্যক্রমে অচলাবস্থা ছিল। আজ সকাল ৮টা থেকে পুনরায় ২৪ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করে বলা হয়েছে, হয়রানিমূলক বদলি প্রত্যাহার ও ইজারা প্রক্রিয়া বাতিল করা না হলে আন্দোলন আরো তীব্র হবে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহিম খোকন বলেন, এনসিটি ইজারার প্রতিবাদে চলমান আন্দোলন কর্মসূচি দমাতে এই বদলি করা হয়েছে। ইজারা বাতিলের পাশাপাশি বদলির প্রতিবাদে আন্দোলন আরো বেগবান করা হবে বলে তিনি আজাদীকে জানান।

পূর্ববর্তী নিবন্ধহাসিনা-টিউলিপের সঙ্গে এবার ববি ও রূপন্তীর সাজা
পরবর্তী নিবন্ধবন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কিছু করবে না সরকার : নৌ উপদেষ্টা