বন্দরের শ্রমিক নেতাদের বরখাস্ত ও গ্রেপ্তারের ঘটনায় বিলস নির্বাহী পরিচালকের নিন্দা

| বৃহস্পতিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেনার টার্মিনালএনসিটি ইজারা না দেওয়ার দাবিতে শ্রমিকদের গঠনমূলক ও নিয়ন্ত্রিত আন্দোলনকে কেন্দ্র করে বেআইনিভাবে শ্রমিক নেতৃবৃন্দকে বরখাস্ত ও গ্রেপ্তার করায় ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজবিলসের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদ। গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা শ্রমিকদের সাথে আলোচনার সময় শ্রমিকদের বিরুদ্ধে কোনোরূপ দমনপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে আশ্বস্ত করলেও বাস্তবে সম্পূর্ণ বিপরীত চিত্র লক্ষ্য করা যায় বলে তিনি মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন, শ্রম সংক্রান্ত প্রতিটি ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব এবং প্রত্যেকটি জাতীয় ইস্যু রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনার ভিত্তিতে সমাধান করা যেতে পারে। উপরোক্ত ঘটনায় শ্রমিকদের দমনপীড়নের পথ বেছে নেওয়ায় একদিকে যেমন ব্যবসার ক্ষতি হয়েছে তেমনি মানবাধিকারের লংঘন, শ্রমিকদের মৌলিক অধিকার লংঘনসহ বিদেশে দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। উক্ত ঘটনায় বরখাস্তকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহলুদ-সবুজ-বেগুনি ফুলকপিতে রঙিন হয়ে উঠেছে কর্ণফুলীর চর
পরবর্তী নিবন্ধ‘ভাষার জন্য ২১, তাই ভাষার নামে দেশ’