ঐতিহাসিক বদর যুদ্ধ ছিল সত্য ও মিথ্যার পার্থক্যকারী, যা শিক্ষা দেয় যে বিজয়ের মূল চাবিকাঠি সংখ্যা বা শক্তি নয়, বরং ঈমানের উপর অটল থেকে আল্লাহর উপর ভরসা সঠিক পরিকল্পনা এবং ত্যাগের মনোভাব। এই যুদ্ধের মাধ্যমে ইসলামের অস্তিত্ব রক্ষায় মূলভিত্তি স্থাপন হয়। এই যুদ্ধ প্রতিকূল পরিস্থিতিতেও ধৈর্য ধারণ এবং ন্যায়বিচারের পক্ষে অটল থাকার অনুপ্রেরণা যোগায়। প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.) এর পরামর্শ ও নির্দেশনার প্রতি সাহাবীদের আপ্রাণ আনুগত্য ও আস্থা বিজয়ের অন্যতম কারণ। বদর যুদ্ধের শিক্ষা আজও বিশ্বের মুসলিম জাতির জন্য দ্বীন কায়েম, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার এক অনন্য পাথেয়।
আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ছিপাতলী গাউছিয়া মুঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে পবিত্র শোহাদায়ে বদর দিবস উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে ছিপাতলী দরবারে আজিজিয়া আলিয়ার সাজ্জাদানশীন আল্লামা শাহ সূফি অধ্যক্ষ আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরী সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন শাহজাদা মাওলানা আবু ছালেহ মোহাম্মদ গোলাম কাদের আল আযহারী, শাহজাদা আবু রায়হান মুহাম্মদ গোলাম মুঈনুদ্দিন কাদেরী। এতে ছিপাতলী গাউছিয়া মুঈনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার আল্লামা গাজী শফিউল আলম নেজামীসহ অনেক আলেম, ওলামা, পীর মাশায়েক বক্তব্য রাখেন। প্রেস বিজ্ঞপ্তি।












