বটি হাতে মাকে মারধর, ভিডিও গেমে আসক্ত ছেলে পুলিশ হেফাজতে

ফেসবুকে ভাইরাল

আনোয়ারা প্রতিনিধি | শুক্রবার , ১০ এপ্রিল, ২০২৬ at ৭:২৮ পূর্বাহ্ণ

আনোয়ারায় অনলাইন গেমে আসক্ত ছেলে মোবাইলে এমবির টাকার জন্য বটি হাতে মাকে মারধর করছে এমন একটি ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। জানা গেছে, মো. জাবেদ (১৭) নামে অভিযুক্ত ওই যুবক উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের মৃত মো. ইয়াকুবের পুত্র। গত বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় ও থানা সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, ঘরের ভেতরে বটি হাতে ভয় দেখাতে দেখাতে জাবেদ তার মায়ের কাছে টাকা দাবি করছে এবং একপর্যায়ে মাকে মারধর শুরু করে। ভিডিওতে তখন মাকে কান্নাজড়িত কণ্ঠে বলতে শোনা যায়, ‘তোরে আমি টাকা দিব, তোর মাথা ছুঁয়ে বলছি, বটিটা আমাকে দিয়ে দে।’ তারপরও ছেলে তার মায়ের কথা না শুনে গায়ে হাত তুলে। এ ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় ওঠে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, প্রাথমিকভাবে গেমে আসক্তির কারণেই ঘটনাটি ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআড়াইগুণ বেশি ভাড়ায় ঘুরপথে তিনটি ক্রুডবাহী জাহাজ দেশে আনার চেষ্টা
পরবর্তী নিবন্ধডোর টু ডোর বর্জ্য সংগ্রহে তৃতীয় পক্ষকে টাকা না দেয়ার নির্দেশ মেয়রের