‘বজ্রপাত থেকে আগুন’, মহালছড়িতে পুড়ল ২৩ দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ৬ নভেম্বর, ২০২৫ at ৯:৫০ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে আগুনে পুড়ে গেছে অন্তত ২৩টি দোকান। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহালছড়ি বাজারে আগুনের সূত্রপাত হয়।

পরে আগুন ছড়িয়ে পড়ে। মহালছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খাগড়াছড়ি জেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ শুরু করে। ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপপরিচালক জাকের হোসেন জানায়, আগুন লাগার সময়ে বাজারে সব দোকান বন্ধ ছিল। এছাড়া মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের কারণে বাজারে বিদ্যুৎ সরবরাহও বন্ধ ছিল। ধারণা করা হচ্ছে বজ্রপাত থেকে কাঁচা দোকানঘরে আগুন লাগতে পারে। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ৫ ঘণ্টার বেশি সময় লাগে। তবে অগ্নিকাণ্ডের সময় ভারী বর্ষণ অব্যাহত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েনি। ব্যবসায়ীদের দাবি, আগুনে ৪ থেকে ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের উপজেলা বিএনপির পক্ষ থেকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকে হতে হবে পরিকল্পিত ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
পরবর্তী নিবন্ধঅসুস্থ স্বজনকে দেখতে গিয়ে গাড়ি চাপা, নারীর মৃত্যু