বঙ্গোপসাগরে জলদস্যুদের হামলায় ২০ জেলে আহত, মাঝি গুলিবিদ্ধ

আনোয়ারা প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ at ৭:২০ পূর্বাহ্ণ

বঙ্গোপসাগরে তিনটি মাছ ধরার ট্রলারে জলদস্যুর হামলায় অন্তত ২০ জন জেলে আহত হয়েছেন। এ সময় একজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাতে কক্সবাজারের কুতুবদিয়া দিয়া এলাকায় সাগরের ৩ নটিক্যাল মাইল পশ্চিমে এই ঘটনা ঘটে। আহতরা আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরার বাসিন্দা।

জানা যায়, আহতদের মধ্যে গুলিবিদ্ধ মনির আহমদ (৫৬), আব্দুল জব্বার (৪২), আবুল কাসেম (২৭), ফরিদুল আলম (৩৫), নেজাম উদ্দিন (৩৩), মিজানুর রহমান, মো. মিজান, জয়নাল আবেদীন, আখতার হোসেন, মো. মনির, মো. মোফাজ্জেল, আবদুর রহমান, মো. রুবেল, আবুল কাশেম এবং মো. কায়ছার রয়েছেন। গুলিবিদ্ধ মনির আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যান্যদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি জসিম উদ্দিন, আবুল কাশেম ও হেফাজ উদ্দিনের মালিকানাধীন তিনটি ফিশিং ট্রলারে ৩৬ জন জেলে মাছ ধরতে সাগরে যায়। মঙ্গলবার রাতে কুতুবদিয়া এলাকায় হঠাৎ জলদস্যুরা জসিম উদ্দীনের ট্রলারে হামলা চালিয়ে ট্রলারে থাকা মাছ, তেল ও জাল লুট করার চেষ্টা করে। জেলেরা বাধা দেয়ার সময় মাঝি মনির আহমদ গুলিবিদ্ধ হন।

ক্ষতিগ্রস্ত ট্রলার মালিক জসিম উদ্দীন বলেন, গত মঙ্গলবার রাতে কুতুবদিয়া এলাকায় আমার মালিকানাধীন ট্রলারে জলদস্যুরা হামলা চালিয়ে এক জেলেকে গুলিবিদ্ধ ও ১১ জেলেকে মারধর করে আহত করেছে। এছাড়া ট্রলারে থাকা মাছ, তেল ও জালসহ আনুমানিক আড়াই লাখ টাকার মালামাল লুট করেছে।

ঘাটকুলের মৎস্যজীবী আব্দুল মজিদ জানান, গুলিবিদ্ধ মাঝি মনির আহমদকে তিনি চমেক হাসপাতালে ভর্তি করেছেন। আহত অন্যান্যদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেঙে চিকিৎসা দেওয়া হয়েছে।

পূর্ব গহিরা মৎস্যজীবী (বোট) মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আনোয়ারার জেলেরা বারবার ডাকাতির শিকার হচ্ছে। ৩টি ট্রলারে ২০ জনের বেশি জেলে জলদস্যুর হামলায় আহত হয়েছেন। আমরা সরকারের কাছে দাবি জানাই, দ্রুত জলদস্যুদের গ্রেপ্তার করে বঙ্গোপসাগরকে নিরাপদ করতে হবে।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা-ব্যানার উত্তোলন
পরবর্তী নিবন্ধবরিশাল আইনজীবী সমিতির সভাপতি কারাগারে, ২০ জনের বিরুদ্ধে মামলা