সীতাকুণ্ডে ১৮ চাকার একটি পণ্যবাহী লরির চাপায় আনাজ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকার গ্রামীণ সাঙ্গু সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনাজ ফৌজদারহাট এলাকার তেল নুরের বাড়ির ভাড়াটিয়া মো. আনোয়ারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফৌজদারহাট ক্যাডেট কলেজের মালিকানাধীন সাঙ্গু সড়ক দিয়ে একটি ১৮ চাকার পণ্যবাহী লরি যাওয়ার সময় আনাজকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও তার আগেই লরিটি পালিয়ে যায়।
গতকাল বুধবার ঘটনাস্থলে গেলে স্থানীয় লোকজন জানান, ফৌজদারহাট ক্যাডেট কলেজের এই সড়কটি বার্ষিক ইজারার ভিত্তিতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ব্যবহার করে আসছে। বর্তমানে সড়কের দুই পাশে পণ্যবাহী গাড়ি যত্রতত্র পার্কিং করায় প্রায়ই যানজট তৈরি হয়। এ কারণে সেখানে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়কে দীর্ঘ সময় ধরে ট্রাক ও লরি দাঁড়িয়ে থাকায় চলাচলে বিশৃঙ্খলা তৈরি হয়। মঙ্গলবারের দুর্ঘটনাটিও এমন বিশৃঙ্খল পরিবেশের কারণে ঘটেছে।
সড়কটির ইজারাগ্রহীতা কিং স্টিল শিপব্রেকিংয়ের ম্যানেজার মো. লোকমান হোসেন বলেন, তাদের প্রতিষ্ঠানের গাড়ি শুধু চলাচল করে, সড়কে পার্কিং করা হয় না। তবে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যবাহী গাড়ি দীর্ঘ সময় সড়ক দখল করে রাখায় দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ধনতোষ ত্রিপুরা বলেন, শিশুটি সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় পাশ দিয়ে যাওয়া একটি ১৮ চাকার লরির নিচে চাপা পড়ে সে। দুর্ঘটনার পর লরিটি পালিয়ে যাওয়ায় সেটি শনাক্ত করা যায়নি।










