চট্টগ্রামের ফটিকছড়িতে ফেসবুক লাইভে এসে মুহাম্মদ আলী মর্তুজা (২২) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকালে উপজেলার নানুপুর ইউনিয়নে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মর্তুজা ওই এলাকার বদলকার বাড়ির বাসিন্দা আলী আকবরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ঘরের ভেতরে বিমের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েন মর্তুজা। লাইভ চলাকালীন তার এমন কর্মকাণ্ডে সামাজিক যোগাযোগমাধ্যমে তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে ঘটনাটি, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
খবর পেয়ে ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, যুবকটি ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ প্রেরণসহ এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।










