ফেসবুক-মেসেঞ্জার সক্রিয়তা, চট্টগ্রামে যুবলীগের দুই সদস্য গ্রেপ্তার

| মঙ্গলবার , ১ সেপ্টেম্বর, ২০২৬ at ১০:২২ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে টানা ১০ ঘণ্টার অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর পাঁচলাইশ ও খুলশী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের সজল কান্তি দাশ (৫১) এবং ফটিকছড়ির সারোয়ার জাহান নুর ওরফে আদিব (৩৫)।

পুলিশ জানায়, সজল কান্তি দাশ বর্তমানে পাঁচলাইশ থানাধীন সানন্দা আবাসিক এলাকায় বসবাস করছিলেন। অন্যদিকে সারোয়ার জাহান নুর ওরফে আদিব খুলশী থানাধীন রূপসী হাউজিং এলাকায় বসবাস করতেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের সক্রিয় সদস্য। তারা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম গ্রুপে সক্রিয় থেকে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন।

পাঁচলাইশ মডেল থানা পুলিশ আরও জানায়, বিশ্বস্ত সূত্রের তথ্য পর্যালোচনার ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে পাঁচলাইশ ও খুলশী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ডা. রেজাউল করিমের আর্থিক অনুদান