ফেসবুকে প্রেম,বিয়ের প্রলোভনে ধর্ষণ

টেকনাফ প্রতিনিধি | বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ৭:১৭ পূর্বাহ্ণ

উখিয়ার এক স্কুল পড়ুয়া মেয়ের (১৬) সাথে ফেসবুকে পরিচয় হয় টেকনাফের শাহ আমানতের (১৯)। পরিচয় থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে দুজন। এক পর্যায়ে ওই মেয়েকে বিয়ের স্বপ্ন দেখায় যুবক। মেয়েটি তা বিশ্বাসও করে। পরবর্তীতে অবশ্য এ বিশ্বাসের জন্যই চড়া মূল্য দিতে হয়েছে তাকে। গত ৭ নভেম্বর বেড়ানোর কথা বলে তাকে টেকনাফের একটি হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর নীরবে সটকে পড়ে শাহ আমানত।

বিষয়টি জানতে পেরে মেয়েটির পিতা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার ৩৬ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত আসামি শাহ আমানতকে টেকনাফ নয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। সে ওই এলাকার মনু মিয়ার ছেলে।

কঙবাজার র‌্যাব১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে টেকনাফ থানায় একটি মামলা দায়ের করেন। বিষয়টি অবহিত হওয়ার পর থেকে আসামিকে গ্রেপ্তারের লক্ষে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শাহ আমানতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় সংশ্লিষ্ট থাকার বিষয়টি স্বীকার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা পিছিয়ে ৮ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে জানালার গ্রিল কেটে বসতঘরে চুরি