ফুলেল শুভেচ্ছায় সিক্ত সাচিং প্রু জেরী

এ বিজয় বান্দরবানবাসীর

বান্দরবান প্রতিনিধি | শনিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৫৮ পূর্বাহ্ণ

বান্দরবান সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী নেতাকর্মী ও সাধারণ মানুষের ফুলেল ভালোবাসায় সিক্ত হয়েছেন। গতকাল শুক্রবার সকাল থেকে বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা শহরের পুরাতন রাজবাড়ি মাঠ সংলগ্ন তার বাসভবনে গিয়ে শুভেচ্ছা জানান। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, জাহাঙ্গীর আলমসহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়ে বান্দরবানের মানুষ স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে গিয়েছেন। এই বিজয় আমার একার নয়, এটি বান্দরবানের সর্বস্তরের জনগণের বিজয়।

তিনি বলেন, বান্দরবান একটি পিছিয়ে পড়া জেলা। এখানকার অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করাই হবে তার প্রধান অগ্রাধিকার। পাহাড় ও সমতলের মানুষের মধ্যে সমপ্রীতি বজায় রেখে শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ও পর্যটন খাতের সমন্বিত উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে দুর্গম এলাকার মানুষের মৌলিক সেবা সমপ্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। উল্লেখ্য, গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী সাচিং প্রু জেরী ১ লাখ ৪১ হাজার ৪৫৫ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী সুজা উদ্দীন পেয়েছেন ২৬ হাজার ১৬২ ভোট।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় হযরত শাহগদী শাহ (রহ.) এর বার্ষিক ওরশ শরীফ আজ
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে অবৈধ ট্রলিং বোট জব্দ