ফিফার প্রথম শান্তি পুরস্কার পেলেন ট্রাম্প

আজাদী ডেস্ক | শনিবার , ৬ ডিসেম্বর, ২০২৫ at ৪:৫৫ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী যুদ্ধসংঘাত থামিয়ে শান্তির বার্তা প্রচারের’ স্বীকৃতি হিসেবে শান্তি পুরস্কার পেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যে ব্যক্তিরা মানুষকে একত্রিত করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশা বয়ে আনেন, তাদের অসামান্য প্রচেষ্টাকে স্বীকৃতি জানাতে’ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রচলন করল ফিফা শান্তি পুরস্কার। প্রথমবারের মতো এই সম্মাননা পেলেন ট্রাম্প। তার হাতে শান্তি পুরস্কারের পদক তুলে দিয়েছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পাশাপাশি ট্রাম্পকে দেওয়া হয়েছে একটি সার্টিফিকেট।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে গতকাল শুক্রবার রাত ১১টায় শুরু হয় বিশ্বকাপের ড্রয়ের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে ট্রাম্পের হাতে তুলে দেওয়া হয় শান্তি পুরস্কার। পাশে থেকে ইনফান্তিনো পুরস্কারের জন্য দেওয়া সার্টিফিকেট থেকে কিছু অংশ পড়ে শোনান। ফিফা জানায়, ফুটবল যেমন মানুষকে ঐক্যবদ্ধ করে, ট্রাম্পও আন্তর্জাতিক অঙ্গনে সংঘাত নিরসন ও শান্তি প্রতিষ্ঠায় উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। এ কারণেই তাকে এ বিশেষ সম্মান দেওয়া হয়েছে।

ইনফান্তিনো সনদের একটি অংশ পড়ে শোনান, যেখানে উল্লেখ ছিলবিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর পক্ষ থেকে এই শান্তি পুরস্কার প্রদান করা হলো।

পুরস্কার গ্রহণ করে ট্রাম্প বলেন, বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা তার রাজনৈতিক দর্শনের গুরুত্বপূর্ণ অংশ, এবং এই স্বীকৃতি তার জন্য ‘ব্যাপক সম্মানের’। তিনি বলেন, পৃথিবী এখন অনেক নিরাপদ স্থান। এটা সত্যি আমার জীবনের অন্যতম সেরা সম্মান। আমরা লাখ লাখ জীবন বাঁচিয়েছি। যেমনকঙ্গোর উদাহরণ দেওয়া যায়। ভারত ও পাকিস্তানের যুদ্ধও শুরু হওয়ার আগেই থামানো হলো। জিয়ান্নি অসাধারণ কাজ করেছে। টিকিট বিক্রিতে আপনি রেকর্ড গড়েছেন। এটা ফুটবল ও আপনার জন্য দারুণ ব্যাপার।

চলতি বছরের নভেম্বরে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ঘোষণা দেয়, শান্তির জন্য অসামান্য ও ব্যতিক্রম কাজ এবং বিশ্বজুড়ে মানুষকে একত্রিত করার জন্য তারা ‘ফিফা শান্তি পুরস্কার’ দিতে চলেছে। বিশ্বের ৫০০ কোটির বেশি ভক্তদের পক্ষ থেকে এই পুরস্কার দেওয়া হবে। নতুন এই পুরস্কার দেওয়া হয়েছে ড্রয়ের ভেন্যুতেই। হোয়াইট হাউস থেকে মিনিট খানেক দূরে ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে, যার বোর্ড চেয়ার ট্রাম্প নিজেই।

তবে এই পুরস্কারের মনোনয়ন, যাচাইুবাছাই বা নির্বাচনের মানদণ্ড প্রকাশ করেনি ফিফা। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ বিষয়ে ফিফাকে চিঠি পাঠালেও কোনো জবাব পায়নি।

পূর্ববর্তী নিবন্ধকেপিএমের ৫৩১ টন কাগজ গেল ইসিতে
পরবর্তী নিবন্ধগণভোট আর জাতীয় নির্বাচন একই দিনে হলে হজ-পজ সৃষ্টির সম্ভাবনা রয়েছে