চট্টগ্রামভিত্তিক ফিনটেক স্টার্টআপ ব্রিদ্ধি ফাইন্যান্সিয়াল টেকনোলজিসের পক্ষে ইমরানুল গনি ফিরা ও ফাইয়াজ হাসান জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ বৈশ্বিক ফিনটেক পিচ প্রতিযোগিতায় ফিনোপিচে অংশ নিতে যাচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ২২টি ফাইনালিস্ট প্রতিষ্ঠানের মধ্যে ব্রিদ্ধি স্থান করে নিয়েছে এবং গ্র্যান্ড প্রাইজের জন্য প্রতিযোগিতা করবে। ফিনোপিচে অংশ নিচ্ছে জাপানের ১০টি দেশীয় স্টার্টআপ এবং বিশ্বের বিভিন্ন দেশের ১২টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। ১০টিরও বেশি দেশ থেকে আসা বিপুল সংখ্যক আবেদনকারীর মধ্য থেকে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে এই প্রতিষ্ঠানগুলো নির্বাচন করা হয়েছে।
চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২৬ ফেব্রুয়ারি টোকিওর কানজে নো থিয়েটারে। প্রত্যেক ফাইনালিস্ট প্রতিষ্ঠান সাত মিনিটের একটি সরাসরি পিচ উপস্থাপন করবে, যা বিশেষজ্ঞ বিচারকমণ্ডলী ও দর্শক ভোটের মাধ্যমে মূল্যায়ন করা হবে। ফিনোপিচের চূড়ান্ত পর্বে পৌঁছানো বাংলাদেশের একমাত্র স্টার্টআপ হলো ব্রিদ্ধি ফাইন্যান্সিয়াল টেকনোলজিস। ফিনোপিচ বর্তমানে ১৪তম সংস্করণে পদার্পণ করেছে এবং এটি জাপানের অন্যতম শীর্ষ আন্তর্জাতিক ফিনটেক পিচ প্রতিযোগিতা হিসেবে স্বীকৃত। প্রেস বিজ্ঞপ্তি।










