এক মাসের লড়াই শেষে টি–টোয়েন্টি বিশ্বকাপ এখন শেষের লড়াইয়ের অপেক্ষায়। শিরোপার মঞ্চে আজ রোববার আহমেদাবাদে মুখোমখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ম্যাচের সময়ে আহমেদাবাদের আবহাওয়ার পূর্বাভাস এখনও পর্যন্ত বেশ ভালো। বৃষ্টির শঙ্কা তেমন একটা নেই। তবে বৃষ্টি বাগড়া দিলে বা অন্য কোনো পরিস্থিতির উদ্ভব হলেও সর্বোচ্চ চেষ্টা করা হবে ম্যাচ এ দিনই শেষ করার। ম্যাচ শেষের নির্ধারিত সময়ের বাইরেও বাড়তি ১২০ মিনিট সময় ধরে রাখা আছে।
পুরো ওভার খেলা সম্ভব না হলে চেষ্টা করা হবে ওভার কমিয়ে ম্যাচ শেষ করার। টি–টোয়েন্টিতে এমনিতে ম্যাচের জয়–পরাজয় বের করতে ন্যূনতম ৫ ওভার করে খেলা হতেই হয়। তবে সেমি–ফাইনাল ও ফাইনালের জন্য ১০ ওভার করে খেলা হওয়া আবশ্যক।
সেটিও সম্ভব না হলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। সেমি–ফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডেতে খেলা শেষ করতে বাড়তি সময় ধরে রাখা আছে ১২০ মিনিট। আগের দিন খেলা যেখানে থেমেছে, রিজার্ভ ডেতে ঠিক সেখান থেকেই শুরু হবে ম্যাচ। রিজার্ভ ডেতেও যদি খেলা শেষ করা সম্ভব না হয়, তাহলে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।
টি–টোয়েন্টি বিশ্বকাপ ও ওয়ানডে বিশ্বকাপ মিলিয়ে যৌথভাবে শিরোপা জয়ের উদাহরণ এখনও নেই। তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই নজির আছে এক দফায়। ২০০২ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে কলম্বোর প্রেমাদাসা পরপর দুই দিন খেলা শেষ করা যায়নি বৃষ্টির হানায়। ভারত ও শ্রীলঙ্কা দুই দলকেই যৌথভাবে বিজয়ী ঘোষণা করা হয়।












