ফাইনালে সানশাইন ও সৃজন গ্রামার

প্রফেসর শায়েস্তা খান স্মৃতি স্কুল ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৬ at ১:০২ অপরাহ্ণ

প্রফেসর শায়েস্তা খান স্মৃতি স্কুল ক্রিকেট লিগের ফাইনালে উঠেছে সানশাইন গ্রামার স্কুল ও সৃজন গ্রামার স্কুল। আয়োজকরা জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পরে লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। হালিশহর হাউজিং এস্টেট মাঠে (হাফুস মাঠ) গতকাল সোমবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে সানশাইন গ্রামার স্কুল ১২৩ রানের বিশাল ব্যবধানে কাস্টমস ল্যাবরেটরি স্কুলকে পরাজিত করে। পরে দ্বিতীয় সেমিফাইনালে সৃজন গ্রামার স্কুলও ১৩৪ রানের বড় ব্যবধানে বেপজা পাবলিক স্কুলকে পরাজিত করে। সকালের প্রথম সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে সানশাইন গ্রামার স্কুল ২০ ওভারে ১০ উইকেটে ২২১ রানের বড় ইনিংস দাঁড় করায়। আর জবাবে কাস্টমস ল্যাবরেটরি স্কুল শতরানের আগেই মাত্র ৯৮ রানে গুটিয়ে যায়। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান আসে ওপেনার মিফতাউল আলমের ব্যাট থেকে। ২২ বল খেলে তিনি ৫টি চার এবং ৩টি ছক্কা হাঁকান। এছাড়া মিডলঅর্ডার ব্যাটার মাহির আনোয়ার ১৫ বলে ২টি চার এবং ৫টি ছক্কার সাহায্যে ৪১ রান করেন। অন্যদের মধ্যে ইভান রায়হান ২৪, আদিল চৌধুরী ২১, তামিনুল ইসলাম ৩৬ রান করেন। ২৩ রান আসে অতিরিক্ত থেকে। কাস্টমস স্কুলের আবু ওবায়েদ ৩৮ রানে ৩টি উইকেট নেন। এছাড়া জিসানউদ্দিন ৪০, হোসেইন চৌধুরী ৩০ ও শাওন দাশ ৪৫ রান দিয়ে ২টি করে উইকেট নেন। কাস্টমস ল্যাবরেটরীর ব্যাটারদের মধ্যে শাখাওয়াত ২৭, শাওন দাশ ১৭ ও আজমাইন ১৭ ছাড়া বাকিরা কেউ দুই অংক স্পর্শ করতে পারেনি। ২৩ রান যোগ হয় অতিরিক্ত থেকে। সানশাইন স্কুলের সফল বোলার আবদুল্লাহ নুর ২৬ ও তামিনুল ৮ রানে ২টি করে, জুবায়ের ৯ ও আদিল চৌধুরী ১২ রানে ১টি করে উইকেট শিকার করেন। ম্যাচসেরা তামিনুলের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম জেলা দলের কোচ মাহবুবুল করিম মিঠু। দুপুরে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে সৃজন গ্রামার স্কুলের করা ১৭৭ রানের জবাবে বেপজা পাবলিক স্কুল দলের ব্যাটাররা চরম ব্যর্থতার পরিচয় দেয়। তারা ১১.১ ওভার খেলে মাত্র ৪৩ রান করে সবাই আউট হয়ে যায়। বিজয়ী দলের মিডলঅর্ডার ব্যাটার তালহা ইবনে ৩৮, রিয়াদ সর্বোচ্চ ৪২, টেলএন্ডার দিপ্ত মজুমদার অপরাজিত ২৪, ওপেনার দুর্জয় ২২ এবং আরাফাতুল ১৪ রান করেন। ২৫ রান আসে অতিরিক্ত থেকে। বেপজা পাবলিকের মাহবুব আজিজ ৩০ রান দিয়ে ২টি উইকেট পান। ১টি করে উইকেট নেন রোহিত নন্দী, মো. নেসারুল, মুজাহিদুল ইসলাম এবং সাগর দাশ। বেপজা পাবলিক স্কুলের ব্যাটারদের মধ্যে কেউই দুই অংকের ঘরে যেতে পারেননি। সৃজন গ্রামার স্কুলের সফল বোলার রিয়াদ ৬ রানে ২টি উইকেট তুলে নিয়ে ম্যাচসেরা হন। তার হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রিকেটার শাহাদাত হোসেন দিপু। এছাড়া তালহা ইবনে ১০ রানে ৩টি উইকেট নেন। মারুফ ৬ রানে ২ এবং আবির ১৩ ও সাজিদুল ৮ রানে নেন ১টি করে উইকেট।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধচবির কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়ার সমাপনী