সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ক্লাব কাপ টি–২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠেছে দুই রাইজিং স্টার। সিনিয়র রাইজিং স্টার ক্লাব এবং রাইজিং স্টার জুনিয়র। শিরোপা জয়ের লক্ষ্যে আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২টায় ফাইনালে এই দুই দল মুখোমুখি হবে শহীদ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে।
গতকাল শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম সেমিফাইনাল খেলায় রাইজিং ষ্টার ক্লাব ১৬ রানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতিকে পরাজিত করে। টসে জিতে বন্দর প্রথমে ব্যাট করতে পাঠায় রাইজিং স্টার ক্লাবকে। রাইজিং ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৫ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান আসে আসাদুর রহমানের ব্যাট থেকে। তিনি ৪২ বল খেলে ২টি চার এবং ১টি ছক্কার সাহায্যে ঐ রান সংগ্রহ করেন। এছাড়া ইসমাইল হোসেন ২৭, অধিনায়ক সাজ্জাদুল হক ১৬ এবং সাজিবুল আলম অপরাজিত ১০ রান করেন। আর কেউ দু’অংকের ঘরে পৌঁছাতে পারেননি। অতিরিক্ত থেকে আসে ৯ রান। বন্দরের পক্ষে মহিউল ইসলাম ১৩ রানে ৪টি উইকেট দখল করে। ১টি করে উইকেট নেন শাহরিয়ার আলম এবং মেহরাব খান। জবাব দিতে নেমে বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি খেলার তিন বল বাকি থাকতেই ১০৯ রানে গুটিয়ে যায়। দলের হয়ে নাজিমুদ্দিন সাব্বির ২০,অধিনায়ক ইকবাল বাহার ১৭,আবদুল্লাহ আল জাবেদ ১৬, শাহদাত হোসেন ১৬,মো. মহিউদ্দিন ১৪ এবং শাহরিয়ার আলম ১০ রান করেন। অতিরিক্ত রান হয় ৯।
রাইজিং স্টার ক্লাবের পক্ষে হাবিবুন নবী ২০ রান দিয়ে ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট নেন ইসমাইল হোসেন অনিক, সাজিবুল আলম এবং জুনাইদ বিন মোস্তফা। ১টি উইকেট পান মনিরুল হক। ম্যাচ সেরা নির্বাচিত হন ইসমাইল হোসেন অনিক। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আলী আজম এবং ইঞ্জিনিয়ার জসিমউদ্দিন। একই ভেন্যুতে দ্বিতীয় সেমিফাইনালে রাইজিং স্টার জুনিয়র ৩৩ রানে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। টসে জিতে রাইজিং জুনিয়র প্রথমে ব্যাট করতে নামে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে তারা। ওপেনার কফিল উদ্দিনের ব্যাট থেকে আসে দলের সর্বোচ্চ রান। ৪৫ বল খেলে ৭টি চার এবং ৩টি ছক্কার সাহায্যে তিনি ৬৮ রান করেন। ইশতিয়াক বিন ইদ্রিস ৮ বলে ৩টি ছয়ের সাহায্যে ২০ রানে অপরাজিত থাকেন। এছাড়া অধিনায়ক ইমরুল কবির ১৫ এবং মিনহাজ সাকিব ১২ রান করেন। অতিরিক্ত থেকে আসে ১১ রান। মোহামেডানের পক্ষে ২টি করে উইকেট নেন তওহিদুল হাসান,শহিদুল ইসলাম এবং শাহদাত হোসেন। জবাব দিতে নেমে মোহামেডান স্পোর্টিং ক্লাব চার বল বাকি থাকতেই ১০৮ রানে সবাই আউট হয়ে যায়। টপ অর্ডারে সাজ্জাদ হোসেন ২৩, তাহাজিবুল ইসলাম ১৮,অধিনায়ক শহিদুল ইসলাম ১২ এবং মো. তানভির ১৮ রান করলেও শেষ দিকে তসলিম চৌধুরী ছাড়া আর কেউ দলকে সাহায্য করতে পারেনি। ফলে সঙ্গীহীন তসলিমকে ১২ বলে ১৭ রানে অপরাজিত থাকতে হয়।
অতিরিক্ত থেকেও আসেনি কোন রান। রাইজিং স্টার জুনিয়রে পক্ষে মিনহাজ সাকিব ২৭ রান দিয়ে ৪টি উইকেট দখল করে নেন। ২টি করে উইকেট পান মো. ওয়াকিউদ্দিন এবং ইমরুল করিম। ১টি করে উইকেট নেন সাবিদুল ইসলাম এবং মো. বেলাল। ম্যাচ সেরা নির্বাচিত হন বিজয়ী দলের মিনহাজ সাকিব। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম এবং মহসিনুল আবেদিন। আগামী ১০ ফেব্রুয়ারি ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরন করবেন প্রধান অতিথি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি থাকবেন ইস্পাহানি গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি।












