ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়বেন না

নেতাকর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন

চকরিয়া ও পেকুয়া প্রতিনিধি | সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:২৭ পূর্বাহ্ণ

ভোটের দিন নেতাকর্মীদের করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দিয়েছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘নিজের ভোট প্রদানের পর প্রত্যেককে নিজ নিজ ভোটকেন্দ্রে অবস্থান করতে হবে এবং ফলাফল হাতে না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া যাবে না।’ তিনি বলেন, একই সঙ্গে শান্তি বজায় রাখা, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা এবং ভোটকেন্দ্রে কোনো ধরনের অনিয়ম যেন না হয় সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ নিজ জন্ম গাঁ পেকুয়ায় নির্বাচনী গণমিছিল শেষে এই আহ্বান জানান।

নির্বাচনী এলাকা পেকুয়ায় রবিবার ছিল সালাহউদ্দিন আহমদের ধানের শীষ প্রতীকের প্রচারণার শেষ দিন। আজ সোমবার চকরিয়া পৌরসভার বাস টার্মিনালের মাঠে রয়েছে শেষ নির্বাচনী জনসভা।

পেকুয়ায় গণমিছিলে অংশ নেওয়া মানুষের ঢল নামে রবিবার সকাল থেকে। উপজেলার সাতটি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিলে মিছিলে, বাস, ট্রাক ও বিভিন্ন পরিবহণযোগে আসতে থাকে। কারো কাছে ছিলো প্ল্যাকার্ড, কারো কাছে সালাহউদ্দিন আহমদের ছবি ও আবার কারো কাছে দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবি শোভা পায়। কাউকে আবার নাচেগানে ধানের শীষ নিয়ে ভোট চাইতে দেখা যায়।

বিকেলে পেকুয়া আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার থেকে মিছিলটি শুরু হয়ে বানৌজা সাবমেরিন ঘাঁটি সড়ক হয়ে পেকুয়া সাকোরপাড় স্টেশনে গিয়ে পথসভায় মিলিত হয়। স্থানীয়রা ধারণা করছেন প্রায় লাখো মানুষের সমাগম হয়েছিল ধানের শীষের প্রচারণার এই গণমিছিলে। পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত এই গণমিছিলের সম্মুখভাগে ছিলেন সালাহউদ্দিন আহমদ। মিছিল শেষে পথসভায় সালাহউদ্দিন আহমদ আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ধানের শীষে ভোট দেয়ার অনুরোধ জানান।

তিনি বলেন, আজ ৮ তারিখ পেকুয়া উপজেলার নির্বাচনী প্রচারণার শেষ গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামীকাল বিকাল ২টায় চকরিয়া বাস টার্মিনালে আমাদের নির্বাচনী শেষ জনসভা অনুষ্ঠিত হবে। আশা করি, আপনারা সবাই যেভাবে পারেন সেখানে উপস্থিত থেকে আমাদের শক্তি ও সাহস জোগাবেন।

বক্তব্যের শেষাংশে তিনি সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়ে বলেন, কেউ ঘরে বসে থাকবেন না। এরপর তিনি গণমিছিলের সমাপ্তি ঘোষণা করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করেন।

এসময় সাবেক সংসদ সদস্য ও সালাহউদ্দিন আহমদের সহধর্মিনী অ্যাডভোকেট হাসিনা আহমদ, তাদের জ্যেষ্ঠ পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ, উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন ও ডাক্তার বেলাল হায়দার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদীদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহছান উল্লাহসহ বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের সকলস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধউন্নয়ন বেগবান ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষে ভোট দিন
পরবর্তী নিবন্ধনির্বাচনে আমরা কারো প্রতিপক্ষ নই, আইনের পক্ষে