হাটহাজারীর ফরহাদাবাদে গৃহবধূ ফাহমিদা আক্তার তারিন (২৪) এর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় বড় ভাই মো. শাহেদ আলম বাদী হয়ে তিন জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন গৃহবধূর স্বামী, দেবর ও শাশুড়ি। গত বুধবার দিবাগত রাতে থানায় মামলা রেকর্ড করার পর পুলিশ তারিনের স্বামী আরকাদুল ইসলাম রুবেল (৩৮) ও তার ছোট ভাই মো. আরফাতকে (৩৩) নিজেদের বসতঘর থেকে গ্রেপ্তার করেছে। গতকাল বৃহস্পতিবার তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৯ সালের জানুয়ারি মাসে নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরহাদাবাদ খান মোহাম্মদ তালুকদার বাড়ির মো. জাহাঙ্গীর আলমের মেয়ে ফাহমিদা আক্তার তারিনের সঙ্গে হাটহাজারীর ১ নম্বর ফরহাদাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নুর আলী মিয়ারহাট সংলগ্ন লাতু চৌধুরীর বাড়ির মরহুম পেশকার মো. শফির বড় ছেলে আরকাদুল ইসলাম রুবেলের সঙ্গে বিয়ে হয়। বিয়ের বছর খানেক তাদের সংসার সুখেই চলছিল। এই সংসারে আফরা চৌধুরী আয়না (৩) নামে একটি কন্যা সন্তান রয়েছে। বছর খানেক পর থেকে স্বামী–স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে মনোমালিন্য শুরু হয়। এই ঘটনার জের ধরে তারিন আত্মহত্যা করেছে।
মামলার বাদী মো. শাহেদ আলম জানান, বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে তার বোনের লাশ চমেক হাসপাতাল থেকে বাড়িতে আনা হয়। পরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
হাটহাজারী থানার ওসি (তদন্ত) নূরুল আলম জানিয়েছেন, গ্রেপ্তার দুই ভাইকে বৃহস্পতিবার কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।














