চট্টগ্রামের ফটিকছড়িতে যুবদলকর্মী জিয়াউল কবির ওরফে ঘোষণা কবির (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ভুজপুর থানাধীন হেয়াকোঁ বেকের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ঘোষণা কবির উত্তর ফটিকছড়ির হেয়াকোঁ সরকারপাড়া গ্রামের ফরিদ প্রকাশ কসাই ফরিদের ছেলে।
ভুজপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ জানুয়ারি হেয়াকোঁ সরকারপাড়া স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার বার্ষিক অনুষ্ঠানে দাওয়াত না দেওয়াকে কেন্দ্র করে সমাজের সর্দার তাজুলসহ ছয়জনকে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে ঘোষণা কবিরের বিরুদ্ধে। এ ঘটনায় আহতদের পরিবারের পক্ষ থেকে ভুজপুর থানায় একটি মামলা করা হয় (মামলা নম্বর–১২/২৬)।
মামলার পর থেকে ঘোষণা কবির ও তার সহযোগীরা তাজুলের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। রোববার সকালে ঘোষণা কবির ও তার ভাই জসিম তাজুলের বাড়ির সামনে গিয়ে প্রকাশ্যে হুমকি দেন বলেও স্থানীয়দের অভিযোগ। ওই সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ঘোষণা কবির পালিয়ে যান। পরে রাতে অভিযান চালিয়ে হেয়াকোঁ বেকের বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ভুজপুর থানার তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মামলা নম্বর–২২/২৫ ও ১২/২৬সহ একাধিক মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ভুজপুর থানা পুলিশ জানায়, আইনানুগ প্রক্রিয়া শেষে ঘোষণা কবিরকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।











