ফটিকছড়িতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, বিভিন্ন যানবাহনকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১:২৮ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে আচরনবিধি লঙ্ঘনের কারণে বিভিন্ন যানবাহনকে ১২টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

৮ ফেব্রুয়ারি (রবিবার) বিবিরহাট বাসস্ট্যান্ড হতে নাজিরহাট ঝংকার মোড় পর্যন্ত সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি, নির্বাচনী এলাকা-২৭৯, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) এর চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মোঃ সিরাজ উদ্দীন।

সামারি ট্রায়াল কোর্ট পরিচালনাকালীন সময়ে অভিযুক্তদের নির্বাচনি আচরণ বিধি সম্পর্কে অবগত করানো হয়।

জানা যায়- নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দীন গত ডিসেম্বর থেকে ফটিকছড়িতে কাজ করে যাচ্ছেন। তার সর্বাত্মক প্রচেষ্টায় ফটিকছড়ি উপজেলায় নির্বাচনী আচরণ বিধিমালা লঙ্ঘনে কোন ধরনের গুরুতর ঘটনা ঘটেনি। তিনি সর্বাত্মক প্রচেষ্টা সহকারে নির্বাচন বিধিমালা লঙ্ঘন জনিত অপরাধ প্রতিরোধ করার জন্য সর্বাক্ষনিক ভাবে ফটিকছড়ি উপজেলার পথে প্রান্তরে বিভিন্ন পাড়া মহল্লা, হাট বাজারে ঘুরে বেড়িয়েছেন।

ফলশ্রুতিতে অত্র এলাকায় নির্বাচনি পরিবেশ যথেষ্ট ভালো এবং অত্র উপজেলার আপমর জনসাধারণ নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটিকে সাধুবাদ জানিয়েছেন। এলাকার জনগণ আশা করেন যে, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি সক্রিয় থাকার কারণে অত্র উপজেলায় নির্বাচনী পরিবেশ ভালো থাকবে এবং অত্র উপজেলায় উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধজাপানের নির্বাচনে বড় জয়ের পথে প্রধানমন্ত্রী তাকাইচির জোট