ফটিকছড়িতে ধান পোড়ানোর ঘটনায় দুই আসামি গ্রেপ্তারের পর জামিনে মুক্ত

ফটিকছড়ি প্রতিনিধি | সোমবার , ১৭ নভেম্বর, ২০২৫ at ১১:২৬ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে কৃষকের ১০ কানি জমির কাটা ধান পুড়িয়ে দেয়ার ঘটনায় প্রদীপ দাশ এবং সানি দাশ নামে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে গ্রেপ্তারের পর পুলিশ তাদের আদালতে প্রেরণ করলে গতকাল তারা জামিন পান। এমন খবরে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করছে।

ভূজপুর থানার ওসি মাহাবুবুল হক বলেন, ধান পোড়ানোর অভিযোগ পাওয়ার পর ২ জনকে আটক করে ১৩৫ ধারায় মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছিল।

এদিকে, চট্টগ্রাম(ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর ঘটনাস্থল পরিদর্শন করেন। অভিযুক্তদের জামিনের খবরে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনার পরও আসামিরা সাথে সাথে কীভাবে জামিনে আসে? ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আমরা আছি।

ভুক্তভোগী পরিবারের রিংকু রাণী দে বলেন, অভিযুক্ত সানী দাশের বিরুদ্ধে একটি হত্যা মামলায় আমার স্বামী তাপস দে সাক্ষী দেয়। এর রেশ ধরে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আমাদের বিভিন্ন প্রকার ক্ষতি করছে এবং হুমকি দিয়ে আসছে। এখন তারা আমাদের কষ্টের ১০ কানি জমির ফসল আগুনে পুড়ে দিয়ে সাথে সাথে জামিনে বের হয়ে এসেছে। যেকোনো সময় এরা আমাদের উপর হামলা করতে পারে। আমরা পুরো পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, কৃষি বিভাগের উপ সহকারী কৃষি কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে উপজেলা কৃষি কর্মকর্তা আবু সালেক পরিদর্শন করবেন। পরিবারটিকে উপজেলা থেকে সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সাহায্য করা হবে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর মধ্যরাত ৩টার দিকে হারুয়ালছড়ি ইউপির ৫ নং ওয়ার্ডের মহানগর গ্রামের কেশব বাবুর বাড়ির কৃষক তাপস দে’র ১০ কানি জমির কাটা আমন ধান ঘরে তোলার আগ মুহুর্তে পুড়িয়ে দেয়া হয়। ঘটনার পর একই এলাকার সানী দাশ, প্রদীপ কুমার এবং তয়ন দেবের বিরুদ্ধে ভূজপুর থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী কৃষক তাপস কান্তি দে।

পূর্ববর্তী নিবন্ধমর্যাদার সঙ্গে রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে
পরবর্তী নিবন্ধজনগণ অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অপেক্ষা করছে