ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের হেয়াকোঁ এলাকায় হেয়াকোঁ পল্লী ডায়াগনস্টিক সেন্টারের একটি কক্ষ থেকে রাশেদুল আনোয়ার টিপু (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একই স্থান থেকে আরমান (২৬) নামে আরও এক যুবককে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত রাশেদুল আনোয়ার টিপু দাঁতমারা ইউনিয়নের মুহাম্মদপুর এলাকার বাসিন্দা। তিনি ওই ডায়াগনস্টিক সেন্টারের দায়িত্বরত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে দীর্ঘ সময় দরজা বন্ধ থাকার পর গ্রিল কেটে ভেতরে প্রবেশ করলে দুইজনকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পথিমধ্যে রাশেদের মৃত্যু হয়। অসুস্থ আরমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
ভুজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষক্রিয়ার ঘটনা হতে পারে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
নিহত রাশেদুল আনোয়ার টিপু স্থানীয়ভাবে ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।














