ফটিকছড়িতে জামায়াতের ১০ নেতার বিরুদ্ধে মামলা

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৭:৫৩ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া পোস্ট ও মন্তব্যকে কেন্দ্র করে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজিম উদ্দীন ইমু এবং উপজেলা সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে অপহরণ, হত্যাচেষ্টা, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা হয়েছে। গত মঙ্গলবার (২২ জুলাই) ফটিকছড়ি থানায় মামলাটি করেন পৌরসভার ৯ নং ওয়ার্ডের উত্তর ধুরুং এলাকার বাসিন্দা মোহাম্মদ ইমাম হোসেন।

মামলার এজাহারে বলা হয়, ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের পক্ষে ফেসবুকে পোস্ট দেওয়া এবং জামায়াতের প্রার্থীর করা একটি মামলার সমালোচনা করায় গত ২০ জুলাই উপজেলার বিবিরহাট হাতিরপুল সংলগ্ন ভূমি অফিসের সামনে বাদীর ওপর হামলা চালানো হয়। পরে তাকে জোর করে উপজেলা জামায়াতের কার্যালয়ে নিয়ে গিয়ে মারধর ও হত্যার চেষ্টা করা হয়। রাত ৩টার দিকে ছেড়ে দেওয়ার সময় ভবিষ্যতে এ ধরনের পোস্ট না দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরো বলা হয়, উপজেলা জামায়াতের আমীর নাজিম উদ্দীন ইমুর নেতৃত্বে অভিযুক্তরা তাকে মারধর করেন, ছুরিকাঘাতের চেষ্টা করেন এবং চোখ বেঁধে একটি সিএনজি টেঙিতে করে দলীয় কার্যালয়ে নিয়ে যান। সেখানে তাকে অপহরণ ও হত্যার চেষ্টা করা হয়।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমীর নাজিম উদ্দীন ইমু বলেন, আমাদের দলীয় কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে ভুল বুঝাবুঝি হলে আমি উভয়কে অফিসে ডেকে মীমাংসা করে দিয়েছি। কিন্তু পরে একটা পক্ষ বিষয়টাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রভাবিত করেছে।

এদিকে মামলা দায়েরের পর ২৩ জুলাই বাদী ইমাম হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে বিচার এবং এ ধরনের ঘটনা যাতে আর কারো সাথে না ঘটে তার জন্য দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধভারতের বিক্ষোভ দিল্লি শান্তিপূর্ণভাবে সমাধান করবে, প্রত্যাশা বাংলাদেশের
পরবর্তী নিবন্ধকাজীর দেউড়ি বাজারে ১৫৫ কেজির কোরাল, ক্রেতা-দর্শনার্থীর ভিড়