ফটিকছড়িতে এজেন্টদের অগ্রিম স্বাক্ষর নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা

বিএনপি-জামায়াতের ধাওয়া পাল্টা ধাওয়া

ফটিকছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ at ৬:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব সুয়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে পোলিং এজেন্টদের কাছ থেকে নির্ধারিত সময়ের আগেই রেজাল্ট শিটে স্বাক্ষর নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ধাওয়াপাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুদ বিন রশিদ ভোটগ্রহণ শেষ হওয়ার আগেই দরজা বন্ধ করে কয়েকজন পোলিং এজেন্টের কাছ থেকে রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়ে নেন। বিষয়টি জানাজানি হলে কেন্দ্রের ভেতরে ও বাইরে উপস্থিত বিএনপি ও জামায়াত সমর্থিত এজেন্ট ও কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে ধাওয়াপাল্টা ধাওয়ায় রূপ নেয়। এতে কেন্দ্র এলাকায় সাময়িক আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. সাঈদ মো. ইব্রাহিম বলেন, প্রিজাইডিং অফিসার সময়ের আগে এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে প্রশাসন হস্তক্ষেপ করে। যেসব কাগজে অগ্রিম স্বাক্ষর নেওয়া হয়েছিল, সেগুলো সবার সামনে ছিঁড়ে ফেলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে বক্তব্য জানতে প্রিজাইডিং অফিসার মাসুদ বিন রশিদের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধবহু বছর পর মুক্ত পরিবেশে ভোট দিতে পারছি : মেয়র
পরবর্তী নিবন্ধআনোয়ারায় বিএনপি-সুন্নী জোটের সমর্থকের মধ্যে সংঘর্ষ, আহত ১