প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি, ফের দায়িত্বে সরওয়ার আলম

| বুধবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৬ at ৮:০৭ পূর্বাহ্ণ

এক বছরের বেশি সময় পর আবার প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি। এ দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে তথ্য ক্যাডারের সাবেক কর্মকর্তা মো. সরওয়ার আলমকে; যাকে অন্তর্বর্তী সরকার এ দায়িত্ব দেওয়ার কিছুদিন পর বাদও দিয়েছিল। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে এক বছর মেয়াদে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগের আদেশ দিয়েছে।

সরওয়ার আলম সচিব হিসেবে তিন বছর আগে অবসরে গিয়েছিলেন। পরে অন্তর্বর্তী সরকার রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে তাকে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুই বছরের জন্য সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। পরে আবার সেই নিয়োগ বাতিল করা হয়। খবর বিডিনিউজের।

বছরখানেকের বেশি সময় ধরে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে কেউ দায়িত্বে ছিলেন না। পুরো প্রেস দপ্তরেই কেউ ছিলেন না বলে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দৈনিক সংবাদপত্র কালের কণ্ঠে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন। সোমবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় তার প্রেস দপ্তরের সবাইকে বাদ দেওয়া হয়। এরপর থেকে প্রেস দপ্তরে কেউ ছিলেন না।

বিসিএস ৮৪ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা সরওয়ার ২০০৫ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ফখরুদ্দীন আহমদের উপ প্রেস সচিব ছিলেন। গতকালের প্রজ্ঞাপনে বলা হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে রাষ্ট্রপতির প্রেস সচিব থাকবেন সরওয়ার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জনসংযোগ কর্মকর্তা ও কলকাতা উপহাই কমিশনের প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

বঞ্চিত’ এ কর্মকর্তা ২০২২ সালের ফেব্রুয়ারিতে অবসরোত্তর ছুটিতে যান এবং অবসরে যান ২০২৩ সালে। ওই সময় তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক (যুগ্ম সচিব) ছিলেন। ফেনীতে জন্মগ্রহণকারী এ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে স্নাতকোত্তর করেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রবাহ
পরবর্তী নিবন্ধসার্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ