প্রেম নিয়ে দুই কিশোরের দ্বন্দ্ব, একজনকে পিটিয়ে হত্যা

শেরপুরের ঘটনা

| বুধবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় এক কিশোরীকে পছন্দ করা নিয়ে দুই কিশোরের মধ্যে দ্বন্দ্বের জের অপর এক কিশোর খুন হয়েছে। ঘটনার একদিন পর গত সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা।

নিহত আব্দুর রহমান (১৩) উপজেলার উত্তর গড়কান্দা শিমুলতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে। ময়নাতদন্ত শেষে আব্দুর রহমানের লাশ নিজ গ্রামে এনে সোমবার রাত ১১টার দিকে দাফন করা হয়। এর আগে রোববার সন্ধ্যায় উপজেলার বাঘবেড় খড়িয়াপাড়া গ্রামে তাকে পিটিয়ে আহত করা হয় বলে জানায় পুলিশ। খবর বিডিনিউজের।

পুলিশ ও স্বজনরা জানান, ঘটনার দিন বিকালে আব্দুর রহমান তার পাঁচ বন্ধুকে নিয়ে অটোরিকশায় করে খড়িয়াপাড়া গ্রামে ঘুরতে যায়। তাদের মধ্যে একজন ওই গ্রামের এক কিশোরীকে পছন্দ করত। একই কিশোরীকে পছন্দ করত ওই গ্রামের আরেক কিশোর। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে কয়েকজন কিশোর আব্দুর রহমান ও তার বন্ধুদের ওপর হামলা করে। এতে আব্দুর রহমান ও তার দুই বন্ধু আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে যায়। তাদের মধ্যে আব্দুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুর রহমান মারা যায়।

আব্দুর রহমানের চাচা ও সাবেক ইউপি সদস্য মতিউর রহমান বলেন, আমার ভাতিজাকে অন্যের বিরোধের বলি হতে হল। আমরা এর বিচার চাই।

ওসি সোহেল রানা বলেন, এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঢাকায় ময়নাতদন্ত হওয়ার পর দাফন শেষে অভিযোগের প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলী থেকে বেপরোয়া বালু উত্তোলন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় দিনমজুর হত্যায় মামলা, প্রধান আসামি গ্রেপ্তার