ফেসবুক মেসেঞ্জারে প্রেমের প্রলোভন দেখিয়ে ইমোশনাল করেন। এরপর আর্থিক সমস্যার কথা বলে সাক্ষাৎ করেন। একপর্যায়ে মারধর করে টাকা, মোবাইল হাতিয়ে নেওয়া হয়। এমনই এক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন সাতকানিয়ার মির্জাখিল এলাকার নুরুল ইসলামের মেয়ে সামিহা ইসলাম রাইশা (১৯), একই এলাকার ফরিদুল আলমের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭) ও চান্দগাঁওয়ের মৃত এমএ বাছেতের ছেলে মনছুর মোল্লা প্রকাশ তৌহিদ (৩৩)। গত বৃহস্পতিবার চেরাগি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মো. সোহেল নামে বাশখালীর এক বাসিন্দার সাথে মোবাইল ফোনে কথা হয় রাইশার। একপর্যায়ে ঘনিষ্ঠতা হলে আর্থিক সমস্যার কথা বলে সোহেলের সাথে দেখা করতে অনুরোধ করেন রাইশা। পরে চেরাগি মোড়ে দেখা হয় তাদের। তখনই রাইশা ও তার সহযোগীরা সোহলকে মারধর করে ২৫ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় সোহেল চিৎকার করলে আশেপাশের লোকজন ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাইশাসহ তিনজনকে গ্রেপ্তার করে।
ওসি বলেন, গ্রেপ্তার পরবর্তী তাদের কাছ থেকে ১টি ছোরা, দুটি মোবাইল সেট, ১টি মোটরসাইকেল ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।













