কঙবাজারের পেকুয়ায় প্রেমিকার সঙ্গে অভিমান করে গলায় রশি পেঁচিয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম আসিফ (২৩)। তিনি পেকুয়া সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের শেখেরকিল্লা ঘোনা এলাকার সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের ছেলে এবং চট্টগ্রাম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসিফের সঙ্গে একই এলাকার এক কলেজছাত্রীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি ওই ছাত্রীর পরিবার জানতে পেরে সম্পর্ক বিচ্ছেদের জন্য চাপ দেয়। ঘটনার দিন রাতে প্রেমিকা মুঠোফোনে সম্পর্ক ছিন্ন করার কথা জানালে অভিমানে আসিফ নিজ ঘরে গলায় ফাঁস দেন।
নিহতের চাচা নাছির উদ্দীন জানান, সোমবার সকালে আসিফের চট্টগ্রাম কলেজে যাওয়ার কথা ছিল। ভোর সাড়ে ৬টার দিকে তার মা তাকে ডাকতে গিয়ে রুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে জানালা দিয়ে উঁকি দিলে আসিফকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
ছেলের মৃত্যুতে শোকাতুর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, প্রতিদিনের মতো সকালে ডাকতে গিয়ে দেখি আমার ছেলেটা রশিতে ঝুলে আছে।
পেকুয়া থানার ওসি (তদন্ত) ইমরুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আত্মহত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।












