প্রিমিয়ার ভার্সিটি ভিসির সাথে পিইউডিএস এর বিতার্কিক দলের সৌজন্য সাক্ষাৎ

| বুধবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় বিতর্ক সংগঠন প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (পিইউডিএস)-এর একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন সোমবার বেলা ৩টায়। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ডিবেট কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্সআপ হওয়া এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হওয়ার গৌরবজনক সাফল্যের প্রেক্ষিতেই এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদির পিইউডিএসএর বিতার্কিকদের অভিনন্দন জানিয়ে বলেন, বিতর্কচর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পিইউডিএস প্রিমিয়ার ইউনিভার্সিটির ভাবমূর্তি জাতীয় পর্যায়ে উজ্জ্বল করছেএটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় বিতর্কচর্চার সকল গঠনমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত চর্চা, শৃঙ্খলা ও একাডেমিক উৎকর্ষের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় থাকার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। তিনি তাঁর বক্তব্যে বলেন, পিইউডিএস শুধু একটি বিতর্ক সংগঠন নয়, এটি নেতৃত্ব তৈরির একটি প্ল্যাটফর্ম। তোমাদের এই অর্জন ভবিষ্যৎ বিতার্কিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। সৌজন্য সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন পিইউডিএসএর চিফ মডারেটর জুলিয়া পারভিন, মডারেটর সাইফুদ্দীন মুন্না এবং মডারেটর ফারিয়া হোসাইন বর্ষা। বিতার্কিক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পিইউডিএসএর সদ্য সাবেক সভাপতি ইসমাইল হোসেন তন্ময়, ফজল আল মাহমুদ আয়ন, কাজী ফারদিন আলাদিন এবং রামিশা তারান্নুম। সাক্ষাৎ শেষে পিইউডিএসএর পক্ষ থেকে উপাচার্য ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিনিধিত্ব আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধটরেন্টোতে সীতাকুণ্ড সমিতির পিঠা উৎসব
পরবর্তী নিবন্ধসিএমপিতে ফিজিওথেরাপি ইউনিটের ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন