প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ৭ম গেইটওয়ে

| শনিবার , ৭ মার্চ, ২০২৬ at ১১:০৬ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (পিইউডিএস) আয়োজনে ৭ম পিইউডিএস গেইটওয়ে২০২৬ উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড়স্থ ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। বিশেষ অতিথি ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক সাদাত জামান খান। উদ্বোধনী বক্তব্যে রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে বিতর্ক চর্চা শিক্ষার্থীদের যুক্তিবোধ, বিশ্লেষণী ক্ষমতা ও আত্মবিশ্বাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়; এটি শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তাশক্তি, নেতৃত্বগুণ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পথ তৈরি করে। পিইউডিএস দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

উদ্বোধনী পর্ব শেষে দুটি সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশনটি পরিচালনা করেন ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ও পিইউডিএসের সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন মুন্না। তিনি এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের মৌলিক ধারণা, কাঠামো এবং কার্যকর যুক্তি উপস্থাপনের বিভিন্ন কৌশল সম্পর্কে নতুন বিতার্কিকদের বিস্তারিত ধারণা প্রদান করেন। দ্বিতীয় সেশনটি পরিচালনা করেন এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের জেনারেল ম্যানেজার এবং হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এমরানুল হক। তিনি বাস্তব জীবন ও পেশাগত ক্ষেত্রে বিতর্কচর্চার গুরুত্ব তুলে ধরে বলেন, বিতর্ক একজন শিক্ষার্থীর যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ, সমস্যা সমাধানের সক্ষমতা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিবেট ক্লাবের সদস্য ফজল আল মাহমুদ, সিফাত নূর, ফারদিন আলাদিন এবং মোশারফা পারভীনসহ পিইউডিএসের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে নতুন সদস্যরা বিতর্কের মৌলিক ধারণা এবং ক্যারিয়ার উন্নয়নে বিতর্কের ভূমিকা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিরাপদ ও সম্প্রীতির হাটহাজারী গড়তে সকলের সহযোগিতা চাই
পরবর্তী নিবন্ধএলাকাবাসীর সাথে ইফতার করলেন আসলাম চৌধুরী