প্রিমিয়ার ইউনিভার্সিটির জিইসি মোড় ক্যাম্পাসে ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের মাস্টার্স অব পাবলিক হেলথ প্রোগ্রামের ১০ম ব্যাচের (স্প্রিং–২০২৬) ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেল আড়াইটায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির ও প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী। বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহেদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, জনস্বাস্থ্য এমন একটি ক্ষেত্র, যা সরাসরি মানুষের জীবনের মানোন্নয়নের সঙ্গে যুক্ত। এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা জনস্বাস্থ্যের সমস্যা চিহ্নিত ও গবেষণা পরিচালনা এবং কার্যকর সমাধান বাস্তবায়নের দক্ষতা অর্জন করতে পারবে। বর্তমান বিশ্বে সংক্রামক রোগ, পরিবেশগত ঝুঁকি ও মানসিক স্বাস্থ্য সমস্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
আমি বিশ্বাস করি, আমাদের বিশ্ববিদ্যালয়ের এমপিএইচ প্রোগ্রাম সমাজে একদল যোগ্য, মানবিক ও দায়িত্বশীল জনস্বাস্থ্য পেশাজীবী তৈরি করবে, যারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মোহাম্মদ ইফতেখার মনির বলেন, এমপিএইচ প্রোগ্রাম শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞানই দেয় না, বরং সমাজ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতাও গড়ে তোলে। শিক্ষার্থীরা এই প্রোগ্রামের মাধ্যমে সমাজে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রাখতে পারে। প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী তার বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোড অব কন্ডাক্ট তুলে ধরেন এবং নবীন শিক্ষার্থীদের শুভকামনা জ্ঞাপন করেন।
পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহেদুল ইসলাম বলেন, জনস্বাস্থ্য শুধুমাত্র অধ্যয়নের একটি ক্ষেত্র নয়; এটি সমাজের মেরুদণ্ড। এটি প্রতিটি ব্যক্তি, প্রতিটি পরিবার, এমনকি প্রতিটি সমাজকে প্রভাবিত করে।
বিভিন্ন রোগের বিরুদ্ধে লড়াই করা, মানসিক স্বাস্থ্য প্রচার করা, স্বাস্থ্য বৈষম্য মোকাবেলা করা, পরিবেশ দূষণ কমানো এবং বিশ্বব্যাপী পুষ্টি নিশ্চিত করা ইত্যাদির মাধ্যমে। অনুষ্ঠানে পাবলিক হেলথ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












