প্রিমিয়ার ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্সের (আইআরপি) উদ্যোগে গতকাল মঙ্গলবার জিইসি মোড়স্থ ক্যাম্পাসে ‘মাস্টারিং এসপিএসএস ফর ডাটা অ্যানালাইসিস: এ হ্যান্ডস–অন ট্রেনিং’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির। রিসোর্স পারসন ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক জনাব সুদীপ দে। সভাপতিত্ব করেন আইআরপির ডেপুটি ডিরেক্টর ও সমাজবিজ্ঞান অনুষদের সহকারী ডিন ফারজানা ইয়াসমিন চৌধুরী। অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ফারিয়া হোসেন বর্ষার সঞ্চালনায় কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। প্রধান অতিথি বলেন, আজকের কর্মশালায় অংশগ্রহণকারীরা যে–স্কিল ডেভেলপমেন্ট অর্জন করবে, তা শুধু নিজেদের কাজেই লাগবে না, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার ক্ষেত্রেও তা ব্যবহৃত হবে। তিনি বলেন, বর্তমান বিশ্বে তথ্যনির্ভর গবেষণার গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মানসম্মত গবেষণা পরিচালনায় পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসপিএসএস–এর মতো আধুনিক সফটওয়্যার ব্যবহারে দক্ষতা অর্জন গবেষকদের কাজকে সহজ, নির্ভুল ও গ্রহণযোগ্য করে তোলে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা আমাদের শিক্ষকদের গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে ফারজানা ইয়াসমিন চৌধুরী বলেন, শুধু জ্ঞান প্রদান করাই এই কর্মশালার উদ্দেশ্য নয়, এর প্রকৃত উদ্দেশ্য হলো এই জ্ঞানের মাধ্যমে অংশগ্রহণকারীরা যেন তাঁদের বিভাগের কাজ স্বাধীন–সহজ–সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। তিনি বলেন, আইআরপি সবসময় গবেষণা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গবেষকদের হাতে–কলমে প্রশিক্ষণের মাধ্যমে তথ্য বিশ্লেষণের দক্ষতা উন্নয়নই এ কর্মশালার মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সময়োপযোগী আয়োজন অব্যাহত থাকবে। রিসোর্স পারসন সুদীপ দে তাঁর প্রেজেন্টেশনে এসপিএসএস সফটওয়্যারের মৌলিক ধারণা, ডাটা এন্ট্রি ও কোডিং পদ্ধতি, ডেটা ক্লিনিং, ভ্যারিয়েবল ম্যানেজমেন্ট, বর্ণনামূলক পরিসংখ্যান (ডেসক্রিপ্টিভ স্ট্যাটিস্টিক্স), সহসম্বন্ধ বিশ্লেষণ (কোরিলেশন), রিগ্রেশন বিশ্লেষণ এবং হাইপোথেসিস টেস্টিংসহ বিভিন্ন বিষয় হাতে–কলমে উপস্থাপন করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা কর্মশালার বিষয়বস্তু নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।








