খাগড়াছড়ি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীসহ মোট আটজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। গতকাল শনিবার যাচাই–বাছাই শেষে এই ঘোষণা দেন তিনি। রিটার্নিং কর্মকর্তা জানায়, এবারের জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। যাচাই বাছাই শেষে সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া জামায়াতে ইসলামীর মো. এয়াকুব আলী, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউসার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশোপ্রু মারমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। অপরদিকে প্রয়োজনীয় শর্ত পূরণ না হওয়ায় আটজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন বিএনপির নির্বাহী সদস্য সমীরণ দেওয়ান। দলীয় মনোনয়ন না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তবে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, মোট ভোটারের অন্তত ১ শতাংশ ভোটারের সমর্থন থাকতে হয়। দৈব চয়ন পদ্ধতিতে ১০ ভোটারকে ফোন করার পর তাদের মধ্যে দুই জন ঐ প্রার্থীকে চিনেন না বলে জানায়। তালিকায় ত্রুটি থাকার কারণে তার মনোনয়ন বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান বলেন, আমি নির্বাচন কমিশনে আপিলের প্রস্তুতি নিচ্ছি।
এছাড়া আরেক স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমার মনোনয়নও বাতিল করা হয়েছে। তার জমাদানকৃত ১ শতাংশ ভোটার তালিকায় ভোটার নাম্বার অসর্ম্পূণ থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ১ শতাংশ ভোটারের তালিকায় বিভিন্ন ধরনের গরমিল থাকায় আরও তিন প্রার্থী সন্তোষিত চাকমা বকুল, লাব্রিচাই মারমা ও জিরুনা ত্রিপুরার প্রার্থিতা বাতিল করা হয়। অন্যদিকে প্রয়োজনীয় কাগজপত্র সঠিক না থাকায় বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী, বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তাফা ও গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজার মনোনয়নপত্র বাতিল করা হয়।
রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত বলেন, সুনির্দিষ্ট ত্রুটি থাকায় নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী সাত জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়। তারা ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন।












