প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস উদ্যোগ: সদিচ্ছা ও জনপ্রত্যাশা

মোহাম্মদ আইয়ুব | মঙ্গলবার , ৭ এপ্রিল, ২০২৬ at ১১:০৮ পূর্বাহ্ণ

বাংলাদেশে প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস প্রদান উদ্যোগ একটি মানবিক ও সময়োপযোগী পদক্ষেপ। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক জাতীয় সংসদে ঘোষিত এই কর্মসূচির মাধ্যমে প্রায় ২ লক্ষ শিক্ষার্থী উপকৃত হবেযা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের ধারাবাহিক আন্তরিকতারই এটি একটি উজ্জ্বল প্রতিফলন। এমন উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সমতা, আত্মমর্যাদা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক হতে পারে।

কিন্তু প্রশ্ন হলোএই উদ্যোগ কি কেবল একটি প্রতীকী সূচনা হয়ে থাকবে, নাকি তা ধীরে ধীরে একটি সর্বজনীন ও ন্যায়ভিত্তিক কর্মসূচিতে পরিণত হবে? বিভিন্ন তথ্য ও প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১ কোটি ১০ লক্ষ। সেই তুলনায় বর্তমান উদ্যোগের পরিসর খুবই সীমিত। তাই এখনই প্রয়োজন একটি সুপরিকল্পিত রোডম্যাপ, যাতে এই কর্মসূচি ধাপে ধাপে বিস্তৃত হয়ে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাতে পারেএটাই সাধারণ মানুষের প্রত্যাশা।

বাংলাদেশের প্রশাসনিক, আর্থিক ও সামাজিক অভিজ্ঞতা আমাদের একটি বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়, অনেক সময় অত্যন্ত ভালো উদ্যোগও বাস্তবায়নের পর্যায়ে এসে দুর্বল হয়ে পড়ে, অনিয়মদুর্নীতির চক্রে আবর্তিত হয় এবং জনপ্রত্যাশা ধীরে ধীরে জনঅসন্তোষে রূপ নেয়।

রাজনৈতিক প্রভাব, প্রশাসনিক, আর্থিক ও আমলাতান্ত্রিক জটিলতা এবং নানা অনিয়মের কারণে সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন হয়। ফলে একটি ইতিবাচক উদ্যোগও অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দিতে পারে।

এই বাস্তবতায়, স্কুল ড্রেস কর্মসূচিকে সফল করতে হলে কয়েকটি মৌলিক দিক নিশ্চিত করা জরুরি।

প্রথমত, ন্যায়ভিত্তিক অগ্রাধিকার নির্ধারণ। দেশের যেসব এলাকায় দারিদ্র্যের হার সবচেয়ে বেশি, সেখানে এই কর্মসূচি আগে বাস্তবায়ন করা উচিত। এতে করে সীমিত সম্পদ সর্বোচ্চ প্রয়োজনীয় স্থানে ব্যবহার হবে এবং কর্মসূচির নৈতিক গ্রহণযোগ্যতা বাড়বে।

দ্বিতীয়ত, প্রভাবমুক্ত ও হস্তক্ষেপমুক্ত প্রক্রিয়া অনুসরণ। শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচন বা বাছাইয়ের ক্ষেত্রে যেন কোনোভাবেই রাজনৈতিক, ব্যক্তিগত বা দলীয় বিবেচনায় প্রভাবিত না হয়। তথ্যভিত্তিক ও স্বচ্ছ পদ্ধতি অনুসরণ করলে জনগণের আস্থা বৃদ্ধি পাবে।

তৃতীয়ত, গুণগত মান নিশ্চিতকরণ। ড্রেসের কাপড়, সেলাই ও ডিজাইনে কোনো আপস করা চলবে না। আমাদের দেশের আবহাওয়ার উপযোগী, আরামদায়ক, রঙিন ও টেকসই ড্রেস নিশ্চিত করতে হবেযা শিক্ষার্থীদের জন্য সত্যিকার অর্থেই ব্যবহারযোগ্য হয়। তাছাড়া ড্রেসে জাতীয় ফুল শাপলার লোগো বা সূক্ষ্ম এমব্রয়ডারি সংযোজন করা যেতে পারে।

চতুর্থত, বিতরণ ব্যবস্থায় কাঠামোগত সংস্কার। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি। দীর্ঘদিনের অভিজ্ঞতায় দেখা গেছে, সরকারি প্রকল্প বাস্তবায়নে মন্ত্রণালয় থেকে ঠিকাদারের মাধ্যমে সামগ্রী বিতরণ পর্যন্ত বরাদ্দের একটি বড় অংশ বিভিন্ন স্তরে অপচয় ও অনিয়মে নষ্ট হয়ে যায়। এই বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই। তাই বিকল্প হিসেবে সরাসরি উপকারভোগীর কাছে ডিজিটাল মাধ্যমে অর্থ প্রদান একটি কার্যকর ও সময়োপযোগী সমাধান হতে পারে। এতে স্বচ্ছতা বাড়বে, অপচয় কমবে এবং সরকারি ব্যয়ের দক্ষতা বৃদ্ধি পাবে।

পঞ্চমত, দুর্নীতির বিরুদ্ধে দৃশ্যমান কঠোরতা। কেবল নীতিগত ঘোষণা নয়, বাস্তবায়নের প্রতিটি ধাপে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। অভিযোগ গ্রহণ, তদন্ত এবং শাস্তির প্রক্রিয়া দ্রুত ও কার্যকর হওয়া জরুরি।

ষষ্ঠত, মর্যাদাপূর্ণ বিতরণ ব্যবস্থা। শিক্ষার্থীদের সহায়তা প্রদানের নামে অপ্রয়োজনীয় আনুষ্ঠানিকতা বা প্রচারণা তাদের সম্মানবোধে আঘাত করতে পারে। তাই সরাসরি বিদ্যালয়ের মাধ্যমে সহজ, স্বাভাবিক ও সম্মানজনকভাবে ড্রেস বিতরণ করা উচিত।

সপ্তমত, অংশীজনদের সম্পৃক্ততা। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের পাশাপাশি দেশের অভিজ্ঞ ডিজাইনারদের মতামত নিয়ে ড্রেসের ডিজাইন ও ব্যবহারযোগ্যতা নির্ধারণ করলে কর্মসূচিটি আরও কার্যকর ও গ্রহণযোগ্য হবে।

মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক বার্তা বহন করে এবং সাধারণ মানুষের মাঝে আশার সঞ্চার করে। তাঁর সদিচ্ছা ও আন্তরিকতা এই কর্মসূচির মাধ্যমে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। তবে শুধুমাত্র সদিচ্ছা যথেষ্ট নয়তার সঙ্গে প্রয়োজন সুশাসনের দৃঢ় প্রয়োগ, স্বচ্ছতা এবং জবাবদিহিতা।

যদি এই বিষয়গুলো নিশ্চিত করা যায়, তবে স্কুল ড্রেস কর্মসূচি শুধু একটি সামাজিক সহায়তা নয়, বরং এটি হতে পারে শিক্ষাক্ষেত্রে সমতা প্রতিষ্ঠার একটি কার্যকর, টেকসই ও দুর্নীতিমুক্ত মাইলফলক।

লেখক: প্রবীণ নাগরিক ও প্রশিক্ষক

পূর্ববর্তী নিবন্ধঅন্যকে সম্মান করুন, আপনার জীবনে মঙ্গল অনায়াসে আসবে
পরবর্তী নিবন্ধকাযী আমিনুল ইসলাম হাশেমী (রহ.) : ইলম, আধ্যাত্মিকতা ও মানবতার আলোকস্তম্ভ