প্রাথমিক বিদ্যালয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনার ঘাটতি পুষিয়ে নিতে বাড়তি ক্লাস নেওয়ার পাশাপাশি বিশেষ যত্ন নিতে স্কুলভিত্তিক আলাদা কর্মপরিকল্পনা করা হচ্ছে। বিশেষ এ ব্যবস্থার অংশ হিসেবে যেসব শিক্ষার্থী তৃতীয় প্রান্তিক মূল্যায়নে ভালো করতে পরেনি তাদের যোগ্য করে গড়ে তুলতে স্কুলগুলোকে কাজ শুরু করতে বলেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদ্প্তরের পলিসি ও অপারেশন উইংয়ের পরিচালক এ কে মোহাম্মদ সামসুল আহসান গতকাল সোমবার বলেন, নতুন শ্রেণিতে পিছিয়ে পড়া এসব শিক্ষার্থীদের এ পরিকল্পনার অধীনে সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ যত্ন নিতে বলা হয়েছে। এজন্য ওই শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ক্লাস, বাড়ির কাজে সমন্বয়, শিক্ষার্থী যে বিষয়গুলো বুঝতে পারছে না সেগুলোতে জোর দিয়ে এ কর্মপরিকল্পনা করতে হবে প্রধান শিক্ষকদের। প্রয়োজনে এ নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা করতে স্কুল প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে। খবর বাংলানিউজের।
প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা এক শ্রেণি থেকে আরেক শ্রেণিতে উত্তীর্ণ হলেও তারা কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারছেন না বলে সমপ্রতি এক গবেষণায় উঠে এসেছে। এমন বাস্তবতায় পিছিয়ে পড়া শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন নিশ্চিত করতে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা দিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।











