প্রাইভেট কারে ইয়াবা পাচারের সময় চন্দনাইশ থানা পুলিশ অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে। এসময় প্রাইভেট কারটিও জব্দ করা হয়। গতকাল সোমবার ভোররাতে পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হাশিমপুর বড়পাড়া এলাকায় এ অভিযান চালায়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ গতকাল ভোরে চট্টগ্রাম-কঙবাজার মহাসড়কস্থ উপজেলার হাশিমপুর ইউনিয়নের বড়পাড়া জামে মসজিদের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে করে। এসময় চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারকে থামিয়ে তল্লাশি করা হয়। কারে বিশেষ ব্যবস্থায় রাখা ১ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়। তারা হল কঙবাজার জেলার ঈদগাঁও বাশঘাটা ইসলামপুর এলাকার মো. নুরুল আলম রুবেল (২৩), সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কাজীপাড়ার মো. আবুল কাশেম (৩৮), নোয়াখালী জেলার হাতিয়া থানার পশ্চিম সোনাদিয়ার মো. রাশেদ উদ্দিন (৩৩) এবং কুমিল্লা জেলার লাকসাম থানার নোয়াপাড়া এলাকার মো. হানিফ (৩২)। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দীন সরকার জানান, ইয়াবাসহ আটক ৪ জনকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।












