ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে দাপুটে ফুটবল খেলে ৩–১ ব্যবধানের জয় তুলে নিয়েছে ব্রাজিল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত ড্রিবলিং ও নিখুঁত পাস থেকে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন দানিলো। ৮৪ মিনিটে লুভর মায়েরের গোলে সমতায় ফিরে ম্যাচ জমিয়ে তোলে সফরকারীরা। ৮৮ মিনিটে ডি–বক্সে এন্দ্রিক ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি অভিজ্ঞ থিয়াগো। ইনজুরি টাইমে বদলি নামা এন্দ্রিকের পাস থেকে দলের তৃতীয় গোলটি করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।
অন্যদিকে জাম্বিয়াকে ৫–০ গোলে বিধ্বস্ত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। মাত্র ৪ মিনিটে হুলিয়ান আলভারেজের গোলে লিড নেয় স্বাগতিকরা। বিরতির ঠিক আগে অ্যালেক্সিস ম্যাক আলিস্তারের পাস থেকে জাদুকরী গোল করেন মহাতারকা লিওনেল মেসি। এটি আন্তর্জাতিক ফুটবলে মেসির ১১৬তম গোল। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল করেন নিকোলাস ওতামেন্দি।
এরপর ৬৮ মিনিটে ডমিনিক চান্ডার আত্মঘাতী গোলে ব্যবধান ৪–০ হয়। ম্যাচের শেষ মুহূর্তে ২১ বছর বয়সী তরুণ তুর্কি ভ্যালেন্টিন বার্কো আর্জেন্টিনার জার্সিতে নিজের প্রথম গোলটি করে জাম্বিয়ার কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন।












