প্রশাসনিক দক্ষতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা জরুরি

প্রিমিয়ার ভার্সিটিতে কর্মশালায় উপাচার্য

| রবিবার , ৮ ফেব্রুয়ারি, ২০২৬ at ১১:১৪ পূর্বাহ্ণ

প্রিমিয়ার ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি)- উদ্যোগে ননএকাডেমিক কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ‘প্রফেশনাল ডেভেলপমেন্ট ফর ননএকাডেমিক স্টাফ’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার জিইসি মোড়স্থ ক্যাম্পাসে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক এস এম নছরুল কদির। রিসোর্স পারসন ছিলেন চবি ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ও রিসার্চ অ্যান্ড পাবলিকেশন সেলের পরিচালক প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির, আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, অ্যাডিশনাল ডিরেক্টর তানজিনা আলম চৌধুরী, অ্যাডিশনাল ডিরেক্টর গাজী শাহাদাৎ হোসেন এবং প্রক্টর মোহাম্মদ সোলাইমান চৌধুরী। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষের পাশাপাশি প্রশাসনিক দক্ষতা ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ননএকাডেমিক কর্মকর্তারাই বিশ্ববিদ্যালয়ের দৈনন্দিন কার্যক্রমের মেরুদণ্ড। তাঁদের দক্ষতা, শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও মানবিক আচরণই একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনার ভিত্তি গড়ে তোলে। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিভিন্ন অনুষদ ও বিভাগের ননএকাডেমিক কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগারে একুশের ছড়ার আসর
পরবর্তী নিবন্ধধানের শীষের পক্ষে পতেঙ্গা সৈকতে জাগরণ ভ্যানের প্রচারণা