প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস এম নছরুল কদির বলেছেন, আধুনিক প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার শিশুদের মানসিক বিকাশ ও পারিবারিক বন্ধনে নেতিবাচক প্রভাব ফেলছে। উন্নত দেশে অনেক অভিভাবকরা শিশুদের স্ক্রিন থেকে দূরে রাখার বিষয়ে সচেতন। সেখানে বাবা মা সচেতনভাবে শিশুকে টিভি স্ক্রিন দেখতে দেন না, বরং স্বাভাবিক বিকাশে গুরুত্ব দেন। বিপরীতে আমাদের দেশে অনেক সময় শিশুদের খাওয়ানো বা ব্যস্ত রাখার জন্য মোবাইল বা গেম দেওয়া হয়, যা দীর্ঘমেয়াদে ক্ষতিকর। সন্তানদের সঙ্গে সময় না দিয়ে ডিভাইসে অভ্যস্ত করে তোলা হলে তাদের আচরণে পরিবর্তন আসে এবং পরিবারে সাথে দূরত্ব সৃষ্টি হয়। গতকাল বৃহস্পতিবার জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠের স্বাধীনতা বইমেলার আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চসিকের উদ্যোগে বইমেলার ১০ম দিনে ‘জনগণের সমস্যা লাঘবে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সাংবাদিকদের উদ্দেশ্যে প্রফেসর এস এম নছরুল কদির বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের দায়িত্ব সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা, যাতে কোনো ধরনের বিকৃতি বা পক্ষপাত না থাকে। অনুষ্ঠানে বেতার ও টেলিভিশনের শিল্পী কোহেলী মজুমদার ও মানস পাল গান পরিবেশন করেন। চসিকের পাঁচলাইশ এস এম নাছির উদ্দীন মহিলা কলেজ, সরাইপাড়া উচ্চ বিদ্যালয় এবং চসিক কমার্স কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়।
চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে সভায় বিশেষ আলোচক ছিলেন দৈনিক কালের কন্ঠের চট্টগ্রাম অফিস প্রধান মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইবুনালের পিপি অ্যাডভোকেট সেলিম উদ্দিন শাহীন, দৈনিক দিনকালের চট্টগ্রাম অফিস প্রধান হাসান মুকুল। অনুষ্ঠান পরিচালনা করেন টিভি ও বেতারের উপস্থাপিকা নাহিদা নাজু। প্রেস বিজ্ঞপ্তি।














