প্রবাসীর ফাঁকা বাড়িতে চুরির অভিযোগ

বোয়ালখালী প্রতিনিধি | রবিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:২৮ পূর্বাহ্ণ

বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে এক প্রবাসীর বসতঘরের জানালার গ্রিল ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে চুরির বিষয়টি জানতে পারেন বলে দাবি করেছেন। জানা গেছে, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পশ্চিম কধুরখীল এলাকার হানিফ মাঝির বাড়ির কাতারপ্রবাসী জাহিদ হাসানের পরিবারের সদস্যরা গত বৃহস্পতিবার এক আত্মীয়ের বিয়ের দাওয়াতে গিয়েছিলেন। ঘর তালাবদ্ধ থাকার সুযোগে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। আলমারি তছনছ করে প্রায় এক ভরি স্বর্ণের গয়না ও নগদ ২১ হাজার টাকা নিয়ে গেছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। ভুক্তভোগী প্রবাসী জাহিদ হাসান বলেন, স্বজনদের বাড়িতে বিয়ের দাওয়াতে যাওয়ায় দুই দিন ঘর খালি ছিল। শনিবার সকালে ফিরে দেখি জানালা ভাঙা এবং ভেতরের জিনিসপত্র এলোমেলো।

পূর্ববর্তী নিবন্ধআবু সুফিয়ানের সমর্থনে বাংশাল পাড়ায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধনির্বাচিত হলে আনোয়ারায় টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠা করা হবে : সরওয়ার জামাল