প্রবাসীদের রেমিটেন্স অর্থনীতিকে গতিশীলতা দিয়েছে

ঘাসফুলের ওয়েবিনারে ব্যারিস্টার আনিস

| মঙ্গলবার , ২০ ডিসেম্বর, ২০২২ at ১০:৪৫ পূর্বাহ্ণ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেছেন, প্রবাসে যারা কাজ করে তাদের আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, কিন্তু বলা পর্যন্তই। তাদের জন্য কাজ করার কোনো তাগিদ আছে বলে আমি মনে করি না। অথচ কোভিড পরবর্তী মন্দা মোকাবেলায় এই প্রবাসীদের রেমিটেন্স আমাদের অর্থনীতিকে গতিশীলতা দিয়েছে। বিদেশে প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে। তাদের কষ্টার্জিত টাকা কম খরচে সহজ ও বৈধ উপায়ে দেশে পাঠানোর ব্যবস্থা না করলে তারা হুন্ডিতে পাঠাতে চাইবেই।

তিনি ঘাসফুল আয়োজিত ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গত ১৭ ডিসেম্বর বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষে ঘাসফুল প্রধান কার্যালয়ে আয়োজিত ‘অভিবাসন ও প্রবাসী আয় : করোনা পরবর্তী দৃশ্যপট’ শিরোনামে ওয়বিনার অনুষ্ঠিত হয়। ঘাসফুল চেয়ারম্যান ও চবি সিনেট সদস্য ড. মনজুর-উল-আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সঞ্চালনায় ওয়েবিনারে স্বাগত বক্তব্য দেন, সিইও আফতাবুর রহমান জাফরী।

মূল বক্তব্য দেন, চবি নৃবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ আলাউদ্দিন। প্যানেল আলোচক প্রাক্তন মুখ্যসচিব ও ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মো. আবদুল করিম বলেন, প্রবাসী শ্রমিকেরা তাদের সকল আয়, সহায় সম্বল দেশে পাঠিয়ে দেয় আবার অনেকে ওভার ইনভয়েস, আন্ডারভয়েস করে দেশ থেকে অর্থ পাচার করে বিদেশে নিয়ে যায়, যা রোধ করতে হবে।

অর্থনীতিবিদ প্রফেসর ড. এম এম আকাশ বলেন, ব্রেন ড্রেইন নয়, আমাদের ব্রেন গেইন করতে হবে। বিদেশে গিয়ে অভিজ্ঞতা অর্জন করে দেশে এসে ভূমিকা রাখতে পারে। বক্তব্য দেন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মল্লিক আনোয়ার হোসেন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিটের (রামরু) প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা, খুবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. গোলাম রহমান, ব্যাংকার জাহানারা বেগম, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের সহকারী পরিচালক মশিয়ার রহমান, আইএলও’র প্রোগ্রাম অফিসার মো. মাজহারুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, মাহসুন চৌধুরী, সৈয়দ সাইফুল হক, আবদুস ছালাম, প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়, শফিকুল ইসলাম খান, বিউটি দাশ ও ডলি দাশ। এ সময় ওয়েবিনারে সংযুক্ত ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, পারভীন মাহমুদ এফসিএ, আটাব সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ মাহবুব, ইনাফি বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহবুবা হক, সৈয়দ মাহবুব এলাহী, সেলিনা বেগম, জেসমিন আক্তার, বিইউপি প্রোভিসি প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, কবিতা বড়ুয়া প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির নির্বাচন ২০ ফেব্রুয়ারি
পরবর্তী নিবন্ধজন্ম নিবন্ধন, মৃত্যু সনদসহ প্রয়োজনীয় সনদ প্রাপ্তি সহজীকরণের অনুরোধ