ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের ঘটনায় সেখানে বসবাসরত বাংলাদেশিদের বিষয়ে খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। ইরানের ঘটনাবলীর কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোয় বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এ ঘটনার কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। খবর বিডিনিউজের।
এদিকে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভালের বিষয়েও প্রধানমন্ত্রী সার্বক্ষণিক তদারকি করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমান বন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণমন্ত্রীকে এই কাজে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে হঠাৎ করে শনিবার অনেকগুলো ফ্লাইট স্থগিত হয়ে যাওয়ায় বিপাকে পড়েছিলেন শত শত যাত্রী। অনেকে বাড়ি ফিরতে না পেরে শাহজালাল বিমানবন্দরে আটকা পড়েন। সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে আসেন। দিনের কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।
অতিরিক্ত প্রেস সচিব বলেন, ভূমিকম্প–পরবর্তী দুর্যোগ মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। ভূমিকম্প–পরবর্তী দুযোগ মোকাবিলায় একটি কর্মপরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি। বৈঠকের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে এসে আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প–পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। পরে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন।












