প্রফেসর শায়েস্তা খান স্মৃতি প্রথম স্কুল ক্রিকেট লিগে শেষ দল হিসেবে সেমিফাইনালে উঠেছে সানশাইন গ্রামার স্কুল। হালিশহর হাউজিং এস্টেট মাঠে (হাফুস মাঠ) গতকাল রোববার দুপুরে অনুষ্ঠিত ‘ঘ’ গ্রুপের সেরা দল নির্ধারনী খেলায় সানশাইন গ্রামার স্কুল ১৭৭ রানের বিশাল ব্যবধানে কাট্টলী নুরুল হক হাই স্কুলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে সানশাইন গ্রামার স্কুল ২০ ওভারে ৮ উইকেটে ২৩৭ রানের মজবুত ইনিংস গড়ে। জবাবে কাট্টলী নুরুল হক হাই স্কুলের ইনিংস মাত্র ৬০ রানে গুটিয়ে যায়। বিজয়ী দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান আসে মিডলঅর্ডার ব্যাটার আদিল চৌধুরীর ব্যাট থেকে। ২৭ বলে ২ চার ও ৬ ছক্কায় তিনি এ রান করেন। এছাড়া মাহির আনোয়ার ৪৩, নিলাচল বড়ুয়া ৩৯, মিফতাউল ২৪ ও ইভান রায়হান ৩৭, ইব্রাহিম ১১ রান করেন। ১৫ রান আসে অতিরিক্ত থেকে। কাট্টলী স্কুলের নুর আলিফ ৪০ ও নিরব চন্দ্র ৪৪ রানে ৩টি করে এবং নাঈমুল ৪৯ রানে ২টি উইকেট নেন। তাদের ব্যাটারদের মধ্যে কোবায়েত ১৯ ও নাঈমুল ১৫ ছাড়া বাকিরা কেউ দুই অংক স্পর্শ করকে পারেনি। সানশাইন স্কুলের সফল বোলার আবদুল্লাহ নুর ১২ ও তামিনুল ৮ রানে ৩টি করে, আবদুল্লাহ আবির ৫ রানে ২টি, ইব্রাহিম ১৭, আদিল চৌধুরী ১১ ও মাহির আনোয়ার ০ রানে ১টি উইকেট শিকার করেন। ম্যাচসেরা হন আদিল চৌধুরী। এর আগে সকালে একই গ্রুপের নিয়মরক্ষার ম্যাচে নাসিরাবাদ সরকারি হাই স্কুল ৯ উইকেটে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের বিরুদ্ধে জয়লাভ করে। কলেজিয়েট স্কুল ২০ ওভারে ৯ উইকেটে ৬৬ রান করে। দলের মোস্তফা আলি ২৩, প্রাচুর্য্য বড়ুয়া ২৫ রান করেন। নাসিরাবাদ স্কুলের মাহির আসহাব ১৭, মানসিবুল ১০, ইকবাল ৪ রান দিয়ে ২টি করে উইকেট নেন। জবাবে নাসিরাবাদ হাই ১১.৪ ওভার খেলে ১ উইকেট হারিয়ে ৭০ রান তুলে নেয়। দলের আজোয়াত বিন আমির ২০, প্রজ্ঞালুক বড়ুয়া অপরাজিত ১৯ রান করেন। অতিরিক্ত থেকে আসে ২৫ রান। কলেজিয়েটের আনাস হুদা ৫ রান দিয়ে ১টি উইকেট লাভ করে।












