সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জামশেদ হত্যা মামলার প্রধান আসামি ইউপি সদস্য মো. মুরাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পৌরসদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। সে মুরাদপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওই এলাকার গিয়াস উদ্দিনের পুত্র।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, গ্রেপ্তার ইউপি সদস্য একটি হত্যার মামলার পরোয়ানাভুক্ত আসামি। সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসদর এলাকায় তার অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২০ সালে ১২ ডিসেম্বর উপজেলার সৈয়দপুর উপকূলীয় এলাকা থেকে নিখোঁজ হন যুবদল নেতা জামশেদ। নিখোঁজের তিনদিন পর ১৪ ডিসেম্বর তার মরদেহ সৈয়দপুর বশরতনগর সাগর উপকূল থেকে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় এই ইউপি সদস্যকে প্রধান আসামি করে হতভাগ্য যুবদল নেতার স্ত্রী রুবি আকতার বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন।












