প্রধানমন্ত্রী নিজের গাড়িতেই চলাফেরা করবেন

| বৃহস্পতিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি গাড়িতে নয়, নিজের গাড়িতেই চলাফেরা করতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এ কারণেই তিনি গতকাল তার নিজের গাড়ি ব্যবহার করেন। বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী এ ব্যাপারে বলেন, আজকে (বুধবার) দিনের কর্মসূচিতে প্রধানমন্ত্রী সাভার ও শেরে বাংলা নগর গিয়েছিলেন নিজের টয়োটা গাড়িতে চড়ে, সেখান থেকে সচিবালয়ে তিনি এসেছেন সেই গাড়িতেই। শিবলী বলেন, যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তাঁর গাড়িবহরের সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতদিন গাড়িবহরে ১৩১৪টি গাড়ি থাকতো। আজ সেটা কমিয়ে চারটি করা হয়েছে। খবর বাসসের।

শপথ নেওয়ার পর বুধবার প্রথম দিনের কর্মসূচিতে পতাকাবিহীন গাড়ি ব্যবহার করেছেন প্রধানমন্ত্রী। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান অথবা বিদেশি মেহমানদের সফরের সময় তার গাড়িতে পতাকা ব্যবহার করা হবে বলে জানান তিনি। শিবলী বলেন, প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক হলে সব মন্ত্রীদের সচিবালয় থেকে আসতে একটা জট সৃষ্টি হয়, ভিআইপি চলাচলের সময় সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়ে। সেসব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী বেশিরভাগ সময় সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন। রাজধানীতে প্রধানমন্ত্রী যাত্রাপথে সড়কের দুই পাশে পোশাকধারী পুলিশের অবস্থানের যে নিয়ম সেটি বন্ধ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিন সকালে তিনি গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে চড়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যান এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সাভার থেকে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। দুই স্থানেই প্রধানমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার সদস্যরা ছিলেন। এরপর প্রধানমন্ত্রী সচিবালয়ে গিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেন।

পূর্ববর্তী নিবন্ধইফতার ও সেহরিতে বিশেষ মেনু, প্রস্তুত নগরীর রেস্টুরেন্টগুলো
পরবর্তী নিবন্ধসচিবালয়ে প্রথম কার্যদিবসে প্রধানমন্ত্রীর ৭ ঘণ্টা অফিস