ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, নির্বাচন সম্পন্ন হওয়া তথা শপথ গ্রহণের একমাস হতে না হতে প্রধানমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড কার্যক্রমের পাইলট প্রকল্পের আওতাধীন ১৩ থেকে ১৪টি অঞ্চলে বিতরণ শুরু করেছেন। পাশাপাশি খাল খনন কর্মসূচি আমরা শুরু করেছি, তিনি অফিসিয়ালি ১৬ মার্চ থেকে শুরু করবেন।
গতকাল শনিবার হাটহাজারী উপজেলায় সরকারি যাকাত ফান্ড থেকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে ৪৭ জন গরিব ও দুস্থদের আর্থিক (চেক) সাহায্য প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মীর হেলাল এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, মুসলমান হিসেবে যাকাত আমাদের উপর ফরজ, যাদের নির্ধারিত পরিমাণ সম্পদ রয়েছে। যারা যাকাতের টাকা নিচ্ছে বা আমরা যাকে যাকাতের টাকা দিচ্ছি সেটি তার প্রাপ্য। এটা আমাদের কোন ঐচ্ছিক বিষয় নয় যে, কাউকে দয়া করে দিচ্ছি। তারা যে আমাদের কাছ থেকে যাকাত টাকা নিয়ে যাচ্ছে, তিনি বরং আমাদের উপকার করছেন। উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি যাকাত ফান্ড থেকে আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।
যাকাত প্রদান অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুর রহমান, কেন্দ্রীয় বিএনপি সদস্য সাথী কুসুম বড়ুয়া, হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক মো. জাকের হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল ইসলামসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি হাটহাজারী কলেজ গেইট এলাকায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। পরবর্তীতে ফতেপুর ইউনিয়ন পরিষদে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় অতি দরিদ্র জনগণের মাঝে ভিজিএফ (চাল) বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন।












