প্রধানমন্ত্রীকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোন, সমৃদ্ধির যাত্রায় একসঙ্গে চলার প্রত্যয়

| শনিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২৬ at ৫:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে টেলিফোন করে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গতকাল শুক্রবার বিকেল ৩টায় বাংলাদেশ সরকারের প্রধানকে ফোনকল করেন তিনি। খবর বাংলানিউজের।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, টেলিফোনে আলাপকালে দুই নেতা কুশল বিনিময় করেন। এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে নিবিড়ভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। শুভেচ্ছা বার্তার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। একইসঙ্গে দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এদিকে টেলিফোন আলাপের বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফেসবুকে একটি পোস্ট করেছেন। এতে তিনি শুভেচ্ছা বিনিময়ের কথা উল্লেখ করে বলেন, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার ক্ষেত্রে বাংলাদেশের মানুষের পরিপক্কতার জন্য আমি শ্রদ্ধা জানাচ্ছি।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও উচ্চ স্তরে পৌঁছাতে বাংলাদেশের নতুন নেতৃত্বের সঙ্গে মালয়েশিয়া ঘনিষ্ঠ সহযোগিতা প্রত্যাশা করছে উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম বলেন, আমি একটি উপযুক্ত সময়ে মালয়েশিয়াতে সরকারি সফরের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানানোর সুযোগ নিচ্ছি। দুই দেশের পারস্পরিক উপকারার্থে মালয়েশিয়া ও বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক আরও সুদৃঢ় হোক।

পূর্ববর্তী নিবন্ধছোট সংগ্রহেও বড় জয়, ফাইনালে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধচলে গেলেন লেখক শংকর