অবৈধ সম্পদ অর্জন মামলায় টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে আরও ৫ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী মো. নুরুল হুদা, চন্দিমা শীল, মাহমুদুল হাসান, জুলিয়ান সেতেরা এবং বিআরটিএ’র মোটরযান শাখার পরিদর্শক মো. আনোয়ার হোসেন। গতকাল চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সি আব্দুল মজিদের কাছে তারা এ সাক্ষ্য দেন।
এ নিয়ে এ মামলায় মোট ১৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। দুদক পিপি মাহমুদুল হক আজাদীকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ২৭ এপ্রিল পরবর্তী সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে। গত বছরের ১৫ ডিসেম্বর প্রদীপ ও তার স্ত্রী চুমকির কারণের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের এ মামলায় চার্জ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়।
এর আগে গত বছরের ৭ নভেম্বর মহানগর দায়রা জজ আদালত থেকে প্রদীপ-চুমকির এ মামলা বিভাগীয় বিশেষ জজ আদালতে বিচারের জন্য বদলি হয়। তারও আগে গত বছরের ২৮ জুলাই আদালতে চার্জশিট দাখিল হয়।













