মোটর স্পোর্টসের বিশ্বমঞ্চে ইতিহাস গড়লেন বাংলাদেশের স্পিডস্টার অভিক আনোয়ার। বিশ্বের বাঘা বাঘা রেসারদের পেছনে ফেলে প্রথম বাংলাদেশি হিসেবে গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপ (২০২৫–২৬) সিরিজের সার্বিক শিরোপা নিজের করে নিয়েছেন তিনি। পুরো টুর্নামেন্ট জুড়েই তার একচেটিয়া আধিপত্য ছিল, যার প্রমাণ মেলে পয়েন্ট টেবিলের বিশাল ব্যবধানের দিকে তাকালে। সর্বমোট ৪০ জন প্রতিযোগীর এই আসরে অভিক আনোয়ার ৩৭৭ পয়েন্ট নিয়ে সার্বিক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছেন। চ্যাম্পিয়নশিপে তার ধারেকাছেও কেউ ছিলেন না। দ্বিতীয় স্থানে থাকা প্রতিযোগী ম্যাক্সিম ভোলিকিন পেয়েছেন মাত্র ২০৭ পয়েন্ট। চ্যাম্পিয়নশিপের সপ্তম রাউন্ডটি ছিল রীতিমতো রোমাঞ্চকর এবং শ্বাসরুদ্ধকর। রিনল্ট ক্লিও ক্যাটাগরিতে নামা অভিককে এদিন লড়তে হয়েছে বৈরী আবহাওয়ার সঙ্গে। বৃষ্টির কারণে রেস ট্র্যাক ভিজে বিপজ্জনক হয়ে উঠলে স্বাভাবিকভাবেই অন্যান্য ড্রাইভাররা তাদের গাড়ির জন্য উপযোগী টায়ার বেছে নেন। কিন্তু অভিক আনোয়ার নেন এক দুঃসাহসিক সিদ্ধান্ত। তিনি সাধারণ ‘স্লিক টায়ার’ নিয়েই ভেজা ট্র্যাকে গাড়ি ছোটান এবং নিজের অবিশ্বাস্য ড্রাইভিং দক্ষতা দেখিয়ে বাকি ৯ জন রেসারকে পেছনে ফেলে প্রথম স্থান অধিকার করেন। গালফ প্রো কার চ্যাম্পিয়নশিপের এবারের আসরে যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া, ইউক্রেন, আয়ারল্যান্ড, ভারত, পাকিস্তান, চীন, হংকং এবং লেবাননসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিত্ব ছিল।













