অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের উদ্যোগে আয়োজিত প্রথম কর্পোরেট ফুটসাল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার চট্টগ্রামের স্বাস্থ্যখাতে নতুন ও ব্যতিক্রমী এই অধ্যায়ের সূচনা করে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল। প্রথমবারের মতো চট্টগ্রামের স্বাস্থ্যখাতভুক্ত হাসপাতালগুলোকে একত্রিত করে এই কর্পোরেট ফুটসাল চ্যাম্পিয়নশিপের উদ্যোগ নেয় প্রতিষ্ঠানটি। উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের ১১টি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ওয়াহিদ মালেক, চিফ মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ ফজলে আকবর চৌধুরী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও কর্মকর্তা–কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে জার্সি বিতরণ, ড্র অনুষ্ঠান এবং ট্রফি উন্মোচন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের স্বাস্থ্যখাতে এমন একটি ব্যতিক্রমী ও ইতিবাচক ক্রীড়া আয়োজন সত্যিই প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ পেশাগত সম্পর্কের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ওয়াহিদ মালেক বলেন, স্বাস্থ্যসেবা একটি টিমওয়ার্ক নির্ভর পেশা। অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল বিশ্বাস করে, এই কর্পোরেট ফুটসাল চ্যাম্পিয়নশিপ হাসপাতালগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সুস্থ প্রতিযোগিতা এবং দলগত বন্ধনকে আরও সুদৃঢ় করবে। আয়োজক প্রতিষ্ঠান অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, কর্পোরেট ফুটসাল চ্যাম্পিয়নশিপ ২০২৬ শুধুমাত্র একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং চট্টগ্রামের স্বাস্থ্যখাতে পারস্পরিক সহযোগিতা, ইতিবাচক সংস্কৃতি ও পেশাগত ঐক্য গড়ে তোলার একটি অনন্য উদ্যোগ।











